১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টিতে রেকর্ডগড়া ১৪৫ রানের পরদিন শ্রীলঙ্কার টেস্ট দলে মিশারা

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ডাক পেয়েছেন সাহান আরাচ্চিগেও।

টি-টোয়েন্টিতে রেকর্ডগড়া ১৪৫ রানের পরদিন শ্রীলঙ্কার টেস্ট দলে মিশারা
এই বছরের এলপিএলে একটি সেঞ্চুরি করেন কামিল মিশারা। ছবি: শ্রীলঙ্কা ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2026, 07:12 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মের পুরস্কার পেলেন কামিল মিশারা। ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের শ্রীলঙ্কা দলে জায়গা করে নিলেন বাঁহাতি এই টপ অর্ডার ব্যাটসম্যান।

সাহান আরাচ্চিগেও ডাক পেয়েছেন কলম্বো টেস্টের দলে। এই দুজনের সামনেই টেস্ট অভিষেকের হাতছানি।

গলে প্রথম টেস্টে ফিল্ডিংয়ের সময় ঘাড়ে চোট পাওয়া দিনেশ চান্ডিমাল দ্বিতীয় ম্যাচ থেকে ছিটকে গেছেন আগেই। ১৪ সদস্যের দল থেকে বাদ পড়েছেন ওপেনার নিশান মাদুশকা, স্পিনিং অলরাউন্ডার রামেশ মেন্ডিস ও বাঁহাতি পেসার দিলশান মাদুশাঙ্কা।

সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে টি-টোয়েন্টিতে অসাধারণ ফর্মে আছেন মিশারা। কলম্বোয় বৃহস্পতিবার ঘরোয়া প্রতিযোগিতা মেজর ক্লাবস টি-টোয়েন্টিতে ননডেসক্রিপ্টসের হয়ে ৭২ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেন তিনি। শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টিতে কোনো ব্যাটসম্যানের যৌথভাবে সর্বোচ্চ স্কোর এটি, এছাড়া এই সংস্করণে কোনো শ্রীলঙ্কান ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। ২৫ বছর বয়সী ব্যাটসম্যান রেকর্ডগড়া ইনিংসটিতে চার ও ছক্কা মারেন সমান ১১টি করে।

এই মাসের শুরুতে শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) টুর্নামেন্ট-সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। জাফনা কিংসের হয়ে ৯ ইনিংসে ৫১.৩৭ গড়ে ও ১৬৫.০৬ স্ট্রাইক রেটে ৪১১ রান করে তিনি ছিলেন আসরের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আসরে দুই সেঞ্চুরির একটি আসে তার ব্যাট থেকেই।

তার সবশেষ লাল বলের ম্যাচ ছিল গত এপ্রিলে নিউ জিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে, যেখানে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে ১৬৮ বলে ১৭৪ রানের ইনিংস খেলে দলকে ইনিংস ব্যবধানে জয় এনে দিতে অবদান রাখেন তিনি।

এখন পর্যন্ত ৪৯টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৬.৯৪ গড়ে তার রান তিন হাজার ৫২১। সেঞ্চুরি আছে ৯টি, ফিফটি ১৫টি।

শ্রীলঙ্কার হয়ে এখন পর্যন্ত ছয়টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন মিশারা। এখন তিনি টেস্ট অভিষেকের অপেক্ষায়। ওপেনার মাদুশকা বাদ পড়ায় লাহিরু উদারার সঙ্গে ইনিংস শুরু করতে পারেন মিশারা।

আরেক নতুন মুখ আরাচ্চিগেও সাদা বলের ক্রিকেটে ভালো ফর্মে আছেন। বাঁহাতি এই ব্যাটসম্যান এলপিএলে ১০ ইনিংসে করেন ২৪০ রান। গত সপ্তাহে মেজর ক্লাবস টি-টোয়েন্টিতে এনসিসির হয়ে খেলেন ২৭ বলে অপরাজিত ৬১ রানের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলা আরাচ্চিগে অফ স্পিন বোলিংও করেন। ৮৫টি প্রথম শ্রেণির ম্যাচে তার উইকেট ৬৩টি, ব্যাট হাতে ৩৭.৯৫ গড়ে রান চার হাজার ৩৬৫। সেঞ্চুরি আছে ৯টি।

৩০ বছর বয়সী এই ক্রিকেটার সবশেষ লাল বলের ম্যাচ খেলেন জুলাইয়ে ভারত ‘এ’ দলের বিপক্ষে, যেখানে তিনি শ্রীলঙ্কা ‘এ’ দলের অধিনায়কত্ব করেন এবং প্রথম ইনিংসে ২০৭ বলে করেন ১২৭ রান।

প্রথম টেস্টে চান্দিমালের কনকাশন বদলি নেমে প্রথম বলে আউট হওয়া পাসিন্দু সুরিয়াবান্দারার সঙ্গে একাদশে জায়গা পাওয়ার লড়াইয়ে থাকবেন আরাচ্চিগে।

এই সিরিজে শ্রীলঙ্কা তাদের আরও দুজন প্রথম পছন্দের ব্যাটসম্যানকে পাচ্ছে না। এলপিএলের প্রাথমিক পর্বে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর থেকে কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি কুশাল মেন্ডিস। অন্যদিকে পাথুম নিসাঙ্কা কব্জির অস্ত্রোপচার থেকে সেরে উঠছেন।

প্রথম টেস্টে ১৬৫ রানের বড় ব্যবধানে হারে শ্রীলঙ্কা। কলম্বোয় আগামী রোববার শুরু হবে দ্বিতীয় টেস্ট।

দ্বিতীয় টেস্টের শ্রীলঙ্কা দল: লাহিরু উদারা, কামিল মিশারা, পাসিন্দু সুরিয়াবান্দারা, কামিন্দু মেন্ডিস, ধানাঞ্জায়া ডি সিলভা (অধিনায়ক), সাহান আরাচ্চিগে, সোনাল দিনুশা, নিরোশান ডিকওয়েলা, কেশারা নুওয়ান্থা, প্রাবাথ জায়াসুরিয়া, মিলান রাত্নায়াকে, লাহিরু কুমারা, আসিথা ফার্নান্দো, ভিশ্ব ফের্নান্দো।