Published : 23 Nov 2025, 09:06 PM
এ বছর এখনও পর্যন্ত বাংলাদেশের সফলতম টি-টোয়েন্টি পেসার তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি ক্রিকেটে দারুণ কার্যকর ব্যাটসম্যান মনে করা হয় শামীম হোসেনকে। দুজনের কেউই নেই আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে। তাদের না থাকার কারণ জানা গেল প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের কাছ থেকে।
চলতি বছর বাংলাদেশের জার্সিতে ১৩ টি-টোয়েন্টি খেলে তাসকিনের উইকেট ২৪টি। রান দিয়েছেন যদিও ওভারপ্রতি ৯ করে।
তাসকিন এখন ব্যস্ত আবুধাবির টি-টেন লিগে নর্থান ওয়ারির্সের হয়ে। প্রাথমিকভাবে তার অনাপত্তিপত্র ছিল রোববার পর্যন্ত। যেটির মানে, আইরিশদের বিপক্ষে সিরিজের দলে তার বিবেচিত হওয়ার কথা। তবে দল ঘোষণার পর জানা গেল, তার অনাপত্তিপত্রের মেয়াদ বাড়ানো হয়েছে।
তাসকিন এখন টি-টেন টুর্নামেন্টে শেষ করবেন এবং পরে আইএল টি-টোয়েন্টিতেও খেলবেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানালেন প্রধান নির্বাচক।
‘‘তাসকিন আমাদের কাছে দুইটি লিগ খেলার জন্য এনওসি (অনাপত্তিপত্র) চেয়েছিল। ক্রিকেটাররা বছরে শর্ত স্বাপেক্ষে বিদেশি ফ্র্যাঞ্চইজি লিগে খেলার ছাড়পত্র পায়। সেই হিসাবে তাকে খেলার অনুমতি দেওয়া হয়েছে।”
“যদিও তাকে বিশ্রাম নিয়ে খেলার পরামর্শ দেওয়া আছে। সামনে বিপিএলও আছে, তাসকিন সেখানেও খেলবে। কোচ, অধিনায়ককে নিয়ে আমরা আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি। তার অনুপস্থিতি আমাদের জন্য অসুবিধা নয় এখন। আমরা তাসকিনের বিকল্প হিসাবে আপাতত সাইফ উদ্দিনকে দলে নিয়েছি।’’
আরেক জাতীয় নির্বাচক হাসিবুল হোসেন জানিয়েছেন, সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে শামীম হোসেনকে এই সিরিজের দলে রাখা হয়নি। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে দুই ম্যাচে তার সংগ্রহ মাত্র ২ রান, আর এর আগে আফগানিস্তানের বিপক্ষে এক ম্যাচে ২২ বলে ৩৩ রান করলেও অন্য দুই ম্যাচে ফেরেন শূন্যে।
তার জায়গায় এই সিরিজে নেওয়া হয়েছে মাহিদুল ইসলাম অঙ্কনকে। দুজনের ব্যাটিং পজিশন নিয়ে যদিও সংশয়ের কিছু জায়গা আছে। শামীম মূলত ‘ফিনিশার’ হিসেবে খেলে থাকেন। মাহিদুল গত বিপিএলে কিছু ম্যাচে ফিনিশার হিসেবে নজর কাড়লেও মূলত তিনি মিডল অর্ডারে ব্যাট করে থাকেন, কখনও টপ অর্ডারেও।
প্রধান নির্বাচক যা বললেন, তাতে মাহিদুলকে তারা বিবেচনা করছেন মিডল অর্ডারের জন্যই। ফিনিশারের ভূমিকায় দেখা যেতে পারে সাইফ উদ্দিনকে।
‘‘চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচের দল থেকে নেই শামীম হোসেন। তার সবশেষ পাঁচ ইনিংসে ১, ১, ০, ৩৩, ০ এই রান। যদি এই ক্রিকেটারকে একাদশে খেলানো না যায়, তাতে দলের সমন্বয় খুব বড় সমস্যা হবে না। আমরা সাইফ উদ্দিনকে সাতে ব্যাট করিয়ে দেখতে চাই।’’
“চার-পাঁচে সোহান-জাকের আলির কেউ কমফরটেবল না। চার-পাঁচের জন্য তো কাউকে তৈরি করতে হবে। অঙ্কনকে এই সিরিজে যদি না খেলাই, সামনে হঠাৎ যদি কোনো ইনজুরি হয়ে যায়, সে আমাদের একজন বিকল্প হতে পারে। এখন না খেলালে তাকে কবে খেলাব!”
মাহিদুলের সাম্প্রতিক পারফরম্যান্সে অবশ্য সেই আশা পূরণ হওয়ার জায়গা খুবই সামান্য। কাতারের দোহায় এসিসি রাইজিং স্টার্স টুর্নামেন্টে এখন তিনি খেলছেন বাংলাদেশ 'এ' দলের হয়ে। সেখানে ফাইনালের আগে তিন ইনিংস খেলে তার রান ৩০ বলে অপরাজিত ২৭, ৮ ও ১।
গত মাসে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টিতে ৫ ইনিংসে কোনো ফিফটি ছিল না তার। রান করেছিলেন ২৩.৬০ গড় ও ১১৬.৮৩ স্ট্রাইক রেটে ১১৮। গত অগাস্টে অস্ট্রেলিয়ায় টপএন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৩ ইনিংসে করেছিলেন তিনি মোট ১৯ রান।
তার সামগ্রিক টি-টোয়েন্টি রেকর্ডও খুব ভালো নয়। ৮৩ ম্যাচে তার ফিফটি স্রেফ দুটি। গত বিপিএলে তার পারফরম্যান্স অবশ্য নজরকাড়া ছিল। খুলনা টাইগার্সের হয়ে ৩১৬ রান করেছিলেন প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে। তবে সেখানে তিনি আলো ছড়িয়েছিলেন মূলত ফিনিশারের ভূমিকাতেই।