Published : 17 Jul 2026, 04:11 PM
আইসিসি ডোপ-বিরোধী বিধি লঙ্ঘনের দায়ে তিন মাসের জন্য নিষেধাজ্ঞার শাস্তি মেনে নিয়েছেন মোহাম্মদ নাওয়াজ। মাদকাসক্তি নিরাময় কর্মসূচিকে অংশ নিলে এক মাসে কমিয়ে আনা হবে পাকিস্তানের এই স্পিনিং অলরাউন্ডারের শাস্তি।
গত এপ্রিলে খবর প্রকাশিত হয়েছিল, নাওয়াজের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রায় তিন মাস পর সেটির ফলাফল জানা গেল।
গত ৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে কলম্বোতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর ডোপ পরীক্ষায় আইসিসি ‘অ্যান্টি-ডোপিং কোড’ অনুযায়ী একটি মাদক (কার্বক্সি-টিএইচসি) সেবনের দায়ে পজিটিভ হন নাওয়াজ।
৩২ বছর বয়সী ক্রিকেটার তার অপরাধ স্বীকার করেন এবং প্রমাণ করতে সক্ষম হন যে, ওই পদার্থটি প্রতিযোগিতার বাইরে এবং ক্রীড়া পারফরম্যান্সের সাথে সম্পর্কহীনভাবে ব্যবহার করা হয়েছিল।
এজন্যই শেষ পর্যন্ত বড় শাস্তি হয়নি তার। তার তিন মাসের এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে গত ১ মে থেকে, যেদিন থেকে তিনি স্বেচ্ছায় সাময়িক নিষেধাজ্ঞা শুরু করেন। মাদকাসক্তি নিরাময় কর্মসূচি সম্পন্ন করার পর এই নিষেধাজ্ঞা এক মাসে কমিয়ে আনা হবে।
নিষেধাজ্ঞা মেনে নেওয়া এবং মাদকাসক্তি নিরাময় কর্মসূচিতে অংশ নেওয়ার অঙ্গীকার করার পর, আড়াই মাসের নিষেধাজ্ঞা ভোগ শেষে নওয়াজের সাময়িক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।
আইসিসির সন্তুষ্টি অনুযায়ী মাদকাসক্তি নিরাময় কর্মসূচি সম্পন্ন করা সাপেক্ষে, নওয়াজকে আর কোনো মেয়াদে নিষিদ্ধ থাকতে হবে না।
আইসিসি ডোপ-বিরোধী ধারা অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ থেকে ১ মে পর্যন্ত ম্যাচগুলোতে নাওয়াজের রেকর্ড বাতিল করা হয়েছে। ডাচদের বিপক্ষে ম্যাচের পর বিশ্বকাপে আরও ছয়টি ম্যাচ খেলেছেন তিনি। পরে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ ও পাকিস্তান সুপার লিগে।
ইংল্যান্ডে চলতি টি-টোয়েন্টি ব্লাস্টে সারের হয়ে খেলার কথা ছিল তার। কিন্তু ডোপ টেস্টে পজিটিভ হওয়ার পর তার সঙ্গে চুক্তি বাতিল করে দলটি।