রকিবুলের ৮ উইকেটে ২ দিনেই ঢাকা মেট্রোর জয়
বাঁহাতি স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে রাজশাহীকে ১০ উইকেট হারিয়েছে ঢাকা মেট্রো।
মারুফ মৃধার তোপে প্রথম দিনে বোলিং করার সুযোগই পাননি রকিবুল হাসান। দ্বিতীয়ভাগে বল হাতে পেয়ে নিজেকে মেলে ধরলেন বাঁহাতি এই স্পিনার। ক্যারিয়ার সেরা বোলিংয়ে প্রায় একাই গুটিয়ে দিলেন প্রতিপক্ষের ব্যাটিং। তার অসাধারণ পারফরম্যান্সে দুই দিনেই রাজশাহী বিভাগকে হারিয়ে দিল ঢাকা মেট্রো।
জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডে রোববার ঢাকা মেট্রোর জয় ১০ উইকেটে। প্রথম রাউন্ডে বরিশালের বিপক্ষে ৮ উইকেটে জিতেছিল দলটি।
রাজশাহীকে ৭৭ রানে গুঁড়িয়ে প্রথম ইনিংসে ২৩৩ রান করে ঢাকা মেট্রো। ১৫৬ রানের লিড নিয়ে পরে রকিবুলের নৈপুণ্যে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংস তারা গুটিয়ে দেয় ১৬৬ রানে। কোনো উইকেট না হারিয়ে ১১ রানের ছোট লক্ষ্যে অনায়াসে পৌঁছে যায় দলটি।
ঢাকা মেট্রোর জয়ের নায়ক রকিবুল ৫৬ রানে নেন ৮ উইকেট। প্রথম শ্রেণির ক্রিকেটে এনিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পেলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই স্পিনার। এই সংস্করণে তার আগের সেরা ৭৪ রানে ৫ উইকেট।
৫ উইকেটে ১৩৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ঢাকা মেট্রো শামসুর রহমান ও তাহজিবুল ইসলামের ব্যাটে কাটিয়ে দেয় প্রথম ঘন্টা। আগের দিনের ১২ রানের সঙ্গে ১০ রান যোগ করে বিদায় নেন তাহজিবুল।
৩৭ রান নিয়ে খেলতে নামা শামসুর রহমান ফিফটি স্পর্শ করেন ১৩১ বলে। এরপর আর ইনিংস বড় করতে পারেননি তিনি। ২ চারে থামেন ৬৪ রানে। একপ্রান্তে তিনটি করে ছক্কা-চারে ৫৯ বলে ৪৩ রান করে অপরাজিত থাকেন আবু হায়দার রনি।
দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন তানজিদ হাসান। সাব্বির হোসেনকে স্টাম্পিং করিয়ে শিকার ধরা শুরু করেন রকিবুল। এরপর একে একে তিনি ফেরান প্রিতম কুমার, ফরহাদ হোসেন, মিজানুর রহমান, মেহরব হাসান, মোহর শেখ, সানজামুল ইসলাম ও রায়হান লাই ইকরামকে।
ম্যাচে রাজশাহীর হয়ে একমাত্র ফিফটি করেন সাব্বির, আগ্রাসী ব্যাটিংয়ে ৮ ছক্কা ও ৩ চারে ৫৬ বলে ৭৮ রান করেন তিনি। আর কেউ করতে পারেননি ২৫ রানও।
ছোট্ট লক্ষ্য তাড়ায় আনিসুল ইসলাম ও তাহজিবুল ইসলাম দলকে দ্রুতই পৌঁছে দেন কাঙ্ক্ষিত ঠিকানায়।
টানা দুই জয়ে পয়েন্ট টেবিলে সবার ওপরে এখন ঢাকা মেট্রো।
সংক্ষিপ্ত স্কোর:
রাজশাহী ১ম ইনিংস: ৭৭
ঢাকা মেট্রো ১ম ইনিংস: ৮১.২ ওভারে ২৩৩ (আগের দিন ১৩৮/৫) (শামসুর ৬৪, তাহজিবুল ২২, আবু হায়দার ৪৩*, রকিবুল ১০, আশরাফুল ০, মারুফ ১; শফিকুল ১০.২-১-২৫-২, মোহর ১৭-৪-৫১-১, সাব্বির ১০-১-২৬-২, রায়হান ১১-১-৪২-০, সানজামুল ২২-৩-৫৬-৩, মেহেরব ১১-৪-৩০-২)
রাজশাহী ২য় ইনিংস: ৩৭.৫ ওভারে ১৬৬ (তানজিদ ২১, সাব্বির ৭৮, মিজানুর ১২, প্রিতম ২৪, ফরহাদ ৪, মেহরব ৯, শুভ্র ১, সানজামুল ১২, মোহর ০, শফিকুল ১*, রায়হান ০; আবু হায়দার ৫-১-১৫-০, আনিসুল ৪-০-৩১-০, রকিবুল ১৫.৫-৪-৫৬-৮, আশরাফুল ৯-০-৫৭-১, মারুফ ৪-১-৪-০)
ঢাকা মেট্রো ২য় ইনিংস: (লক্ষ্য ১১) ২.১ ওভারে ১৪/০ (আনিসুল ১৩*, তাহজিবুল ১*; রায়হান ১.১-০-১২-০, মিজানুর ১-০-২-০)
ফল: ঢাকা মেট্রো ১০ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: রকিবুল ইসলাম
