১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

আচরণবিধি ভেঙে আর্থিক জরিমানার মুখে লিটন-মেহেদি

এই দুই ক্রিকেটারকে আর্থিক জরিমানা করার প্রস্তাব করা হয়েছে।

আচরণবিধি ভেঙে আর্থিক জরিমানার মুখে লিটন-মেহেদি
লিটন দাস ও শেখ মেহেদি হাসান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2026, 11:55 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

আচরণবিধি ভঙ্গের দায়ে লিটন দাস ও শেখ মেহেদি হাসানকে আর্থিক জরিমানার প্রস্তাব করেছে বিসিবির শৃঙ্খলা কমিটি। দুই ক্রিকেটারের বক্তব্য জানানোর পর এই শাস্তির প্রস্তাব করা হয়েছে।

এর আগে আচরণবিধির ভঙ্গের অভিযোগে দুই ক্রিকেটারকেই শৃঙ্খলা কমিটিতে ডাকা হয়েছিল।

জিম্বাবুয়ে থেকে ফিরে বুধবার সন্ধ্যায় বিসিবির শৃঙ্খলা কমিটির কাছে মেহেদি তার বিরুদ্ধে ওঠা আচরণবিধি ভঙ্গের অভিযোগের জবাব দেন। আর চিকিৎসার উদ্দেশে সিঙ্গাপুরে যাওয়ার আগে নিজের বক্তব্য তুলে ধরেন লিটন।

চোটের কারণে জিম্বাবুয়ে সফরের মাঝপথে দেশে ফিরে আসেন লিটন এবং বিসিবিকে না জানিয়ে চীনে ঘুরতে যান তিনি। ক্রিকেটারদের কোড অব কন্টাক্ট অনুযায়ী, সিরিজ বা খেলা না থাকলে, বিসিবির অনুমতি নিয়ে দেশের বাইরে যেতে হয়। তিনি সেই নিয়ম মানেননি।

অন্যদিকে, সবশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজে একাদশে জায়গা না পাওয়া নিয়ে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন শেখ মেহেদি হাসান। হতাশাও প্রকাশ করেন তিনি। দলে জায়গা না পেয়ে আগেও নানা সময়ে বিরূপ মন্তব্য করেছেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।  

এবার বিষয়টি বিবেচনায় নিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে বিসিবি। মেহেদির পাশাপাশি লিটনকেও শৃঙ্খলা কমিটি আর্থিক জরিমানা করার প্রস্তাব করেছে। বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

“এটা (শাস্তি) এখন ডিসক্লোজ না করলে ভালো হবে। যেহেতু এটা একেবারেই অভ্যন্তরীণ বিষয়। তবে, লিটনের কিছু আর্থিক জরিমানা করার প্রস্তাব করা হয়েছে।”

“শেখ মেহেদিকেও আর্থিক জরিমানার প্রস্তাব করা হয়েছে। লিটনের চেয়ে শেখ মেহেদির জরিমানার পরিমাণ বেশি।”

দুজন ক্রিকেটারই এবারের প্রথমবার আচরণবিধি ভঙ্গের দায়ে শাস্তি পেতে যাচ্ছেন।