দল পাওয়ার ২ দিন পর পিএসএল থেকে সরে দাঁড়ালেন গুরবাজ
নিলামের আগে সরাসরি চুক্তিতে এই আফগান ব্যাটসম্যানকে দলে নিয়েছিল পেশাওয়ার জালমি।
হুট করে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একাদশ আসর থেকে সরে দাঁড়ালেন রাহমানউল্লাহ গুরবাজ। দল পাওয়ার দুই দিন পরই এই সিদ্ধান্ত জানালেন আফগানিস্তানের কিপার-ব্যাটসম্যান।
নিলামের আগে গত বৃহস্পতিবার সরাসরি চুক্তিতে গুরবাজকে দলে নেয় পেশাওয়ার জালমি। এই দলে পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজমের সঙ্গে টপ অর্ডারে খেলার কথা ছিল তার।
তবে ২৪ বছর বয়সী এই ক্রিকেটার শনিবার ইনস্টাগ্রামে এক পোস্টে পিএসএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানান। কারণ হিসেবে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আফগানিস্তানে তার দাতব্য ফাউন্ডেশনে মনোযোগ দেওয়ার পরিকল্পনার কথা বলেন তিনি।
“বিশ্বকাপের পর আমার (ব্যক্তিগত) সূচির কারণে এই মৌসুমের পিএসএলের জন্য আমাকে পাওয়া যাবে না। আফগানিস্তানে আমার ফাউন্ডেশনের কাজে আরও বেশি মনোযোগ দেব আমি। সকলের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।”
গুরবাজকে পেশাওয়ারের দলে নেওয়াকে অবশ্য পাকিস্তানে অনেকে ভালোভাবে নেয়নি। তাদের অভিযোগ, গত বছর পাকিস্তান বিরোধী পোস্ট করেছিলেন গুরবাজ। এই চুক্তির জন্য কেউ কেউ পেশাওয়ারের মালিক জাভেদ আফ্রিদির সমালোচনা করেন, আবার কেউ আফগান ক্রিকেটারের ক্ষমা চাওয়ার দাবিও তোলেন।
গত বছরের অক্টোবরে পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে তিন জন স্থানীয় ক্রিকেটারসহ বেশ কজন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার পর, পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানের হামলায় নিহতের ঘটনায় তীব্র প্রতিবাদ জানান আফগানিস্তানের তারকা ক্রিকেটাররা।
গুরবাজ এর আগে পিএসএলের তিন আসরে খেলেছেন- ২০২১ সালে মুলতান সুলতান্স ও পরের দুই বছর ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। সব মিলিয়ে ১৫ ম্যাচে ১৫৯.৭৯ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৩১৮ রান।
২০২৬ আইপিএলের নিলামে নাম দিলেও অবিক্রিত রয়ে যান তিনি। বর্তমানে বিশ্বকাপের জন্য আফগানিস্তান দলের সঙ্গে তিনি ভারতে আছেন। রোববার চেন্নাইয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে আফগানরা।
আইপিএল শুরুর তিন দিন আগে, আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএল। ৬ দল থেকে বাড়িয়ে এবার ৮ দল নিয়ে হবে আসর। আগের ড্রাফট পদ্ধতি থেকে সরে এসে এবার বেছে নেওয়া হয়েছে নিলাম পদ্ধতি। নিলাম হবে আগামী বুধবার।
