১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

রেকর্ড ইনিংসে ৩০ চার ৭ ছক্কায় কিষানের ২৭০

ট্রিপল সেঞ্চুরি না পেলেও রেকর্ড বইয়ে জায়গা করে নিলেন ভারতীয় ব্যাটসম্যান।

রেকর্ড ইনিংসে ৩০ চার ৭ ছক্কায় কিষানের ২৭০
ইশান কিষান। ছবি: তামিল নাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন ফেইসবুক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 08:32 PM

Updated : 17 Sep 2026, 02:56 AM

ডাবল সেঞ্চুরি ছোঁয়ার পর দ্রুতগতিতে পৌঁছে গেলেন আড়াইশতে। পরক্ষণেই মাঠ ছাড়তে বাধ্য হলেন ক্লান্তির কারণে। ট্রিপল সেঞ্চুরির আশাতেই হয়তো পরে আবার ক্রিজে ফিরলেন ইশান কিষান। যদিও কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছাতে পারলেন না বাঁহাতি ব্যাটসম্যান।

ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা দুলিপ ট্রফির ফাইনালে ৩৩৪ বলে ২৭০ রানের ইনিংস খেলেছেন ইস্ট জোন অধিনায়ক কিষান। সাউথ জোনের বিপক্ষে এই কিপার-ব্যাটসম্যানের ইনিংসটি গড়া ৩০ চার ও সাত ছক্কায়।

ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি না পেলেও, কিষানের এই ইনিংস জায়গা করে নিয়েছে রেকর্ড বইয়ে। ছয় দশকের বেশি পুরনো প্রতিযোগিতাটির ইতিহাসে কোনো কিপার-ব্যাটসম্যানের সর্বোচ্চ ইনিংস এটিই।

আগের রেকর্ডটি ছিল নামান ওঝার। ২০১৪ সালে সেন্ট্রাল জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে ২১৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।

এছাড়া প্রতিযোগিতাটির ফাইনালে ২৫০ বা এর বেশি রানের ইনিংস খেলা প্রথম অধিনায়কও কিষান। 

এই প্রতিযোগিতায় সব মিলিয়ে কিষানের চেয়ে বড় ইনিংস আছে সাতটি। এর মধ্যে ট্রিপল সেঞ্চুরি কেবল দুটি। ১৯৮৭ সালে ফাইনালে নর্থ জোনের হয়ে ওয়েস্ট জোনের বিপক্ষে ৩২০ রান করেন রামান লাম্বা, যিনি ১৯৯৮ সালে ঢাকা প্রিমিয়ার লিগে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পেয়ে হাসপাতালে মারা যান। আর ২০০১ সালে সেন্ট্রাল জোনের হয়ে সাউথ জোনের বিপক্ষে অপরাজিত ৩০০ রানের ইনিংস খেলেন গাগান খোদা।

চেন্নাইয়ের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে ম্যাচের প্রথম দিন পাঁচ নম্বরে নেমে সেঞ্চুরি করে কিষান অপরাজিত ছিলেন ১১১ রানে। প্রথম শ্রেণির ক্যারিয়ারের দশম সেঞ্চুরিকে সোমবার দ্বিতীয় দিন তিনি ডাবলে পরিণত করেন ২৭০ বলে। সেখান থেকে আড়াইশতে যেতে তার লাগে কেবল ৩০ বল, এই সময়ে ছক্কা মারেন পাঁচটি।

ক্লান্তি পেয়ে বসায় আর এক বল খেলে মাঠ ছাড়েন কিষান। সপ্তম ব্যাটসম্যান হিসেবে মোহাম্মাদ শামির বিদায়ের পর, আবার তিনি ব্যাটিংয়ে নামেন ২৫০ রান নিয়ে। আর ২০ রান যোগ করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হন তিনি লং-অনে ক্যাচ দিয়ে।

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের সর্বোচ্চ ইনিংস থেকে ৩ রান দূরে থামলেন কিষান। ২০১৬ রাঞ্জি ট্রফিতে তিনি ২৭৩ রানের ইনিংস খেলেন ঝাড়খান্ডের হয়ে।

এই মুহূর্তে ভারতের সাদা বলের দলের নিয়মিত সদস্য কিষান টেস্ট খেলার সুযোগ পেয়েছেন কেবল দুটি, সেই ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। লাল বলের ক্রিকেটে সবশেষ এই ইনিংসে টেস্ট দলে ফেরার দাবি জানিয়ে রাখতে পারলেন ২৮ বছর বয়সী ক্রিকেটার।

কিষানের ডাবল সেঞ্চুরি ও কুমার কুশাগরার সেঞ্চুরিতে ইস্ট জোন প্রথম ইনিংসে তোলে ৭০৮ রান।