Published : 24 Jul 2026, 08:13 PM
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়া যে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে, এটাকেই নিজেদের জন্য বড় এক অর্জন মনে করেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি অস্ট্রেলিয়ার মাটিতে সামনের কঠিন চ্যালেঞ্জে দারুণ কিছু করার বাড়তি প্রেরণা পাচ্ছেন তিনি।
শুক্রবার নতুন কুড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর এসব কথা বলেন শান্ত।
সাম্প্রতিক সময়ে সাদা পোশাকে বেশ ছন্দে থাকলেও, সবশেষ টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ভীষণ বাজে পারফরম্যান্স করে বাংলাদেশ; হেরে যায় ইনিংস ব্যবধানে। প্রতিপক্ষের মাঠে ওই হতশ্রী পারফরম্যান্সের পরও, বাংলাদেশ দলকে যে অস্ট্রেলিয়া হালকাভাবে দেখছে না, সেটা তাদের পূর্ণ শক্তির দল ঘোষণাতেই প্রমাণ।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১ ও ৩ অগাস্ট দুই ভাগে অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবে বাংলাদেশ দল। আগামী ১৩ অগাস্ট ডারউইনে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্ট ম্যাকাইয়ে ২২ অগাস্ট থেকে।
বাংলাদেশের বিপক্ষে এই সিরিজের জন্য ঘোষিত ১৩ জনের দলে অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হেইজলেউডসহ গুরুত্বপূর্ণ সব ক্রিকেটারকে রেখেছে অস্ট্রেলিয়া। এতেই স্পষ্ট যে, বাংলাদেশের বিপক্ষে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষার পথ বেছে নেয়নি তারা। বাংলাদেশ অধিনায়কের মতে, এটাই নিজেদের জন্য দারুণ এক প্রাপ্তি।
“সাধারণত বাংলাদেশ ক্রিকেটে এই রকম ঘটনা এর আগে কখনও দেখিনি। আমাদের দলের সাথে খেলার সময়, হয়তো (বড় দলগুলো) অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করে থাকে। আমি বলব, এটা আমাদের দল হিসেবে একটা অর্জন। কারণ এই রকম (পূর্ণ শক্তির) দল ওরা দিয়েছে।
আপনি যদি প্রতিপক্ষের (অস্ট্রেলিয়া) দল দেখেন, এখানেই বোঝা যাচ্ছে তারা এই সিরিজটা হালকাভাবে নেয়নি।”
অস্ট্রেলিয়া দলে গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা থাকায়, তাদের বিপক্ষে তার দল কেমন খেলে, সেটাও দেখার অপেক্ষায় আছেন শান্ত।
“এটা আমাদের দলের জন্য অনেক বড় একটা সুযোগ। (দেখাতে হবে) এই দলের বিপক্ষে আমরা কত ভালো ক্রিকেট খেলতে পারি। আমি বলব, এই টেস্ট দল নিয়ে ইতোমধ্যে আমরা একটা ভালো অবস্থান তৈরি করতে পেরেছি।”
চোট সমস্যা আর বিশ্রামের কারণে সাম্প্রতিক সময়ে গুরুত্বপূর্ণ সব ক্রিকেটারদের একসঙ্গে পায়নি অস্ট্রেলিয়া। এই সফরে একই সমস্যায় ভুগতে পারে বাংলাদেশ। চোটের কারণে নাহিদ রানা, লিটন দাসের পাশাপাশি মাঠের বাইরে আছেন পেসার শরিফুল ইসলাম। তাদের চোট নিয়ে এখনই অবশ্য বেশি ভাবতে চান না অধিনায়ক।
“এগুলো আসলে ফিজিও, ট্রেইনার ও টিম ম্যানেজমেন্ট থেকে সিদ্ধান্ত নেবে। ওরা ওইভাবে ব্যবস্থা করছে। এর বাইরে আর বেশি কিছু না।”