Published : 21 Jun 2026, 05:34 PM
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ম্যাচ জেতানো সেঞ্চুরি করেও নির্বাচকদের মন গলাতে পারেননি ইয়াশাসভি জয়সওয়াল। ইংল্যান্ড সফরের এই সংস্করণের দলে তাকে রাখেনি ভারত। ব্যাটিং গ্রেট ভিরাট কোহলি ও তারকা পেসার জাসপ্রিত বুমরাহকে দলে ফিরিয়েছে তারা।
চেন্নাইয়ে শনিবার আফগানদের ৯ উইকেটে হারানোর পথে ১১০ রানের অপরাজিত ইনিংস খেলেন জয়সওয়াল। ওয়ানডেতে তার এটি দ্বিতীয় সেঞ্চুরি। কিন্তু এই সংস্করণের দলে ফিরতে যথেষ্ট হয়নি তার পারফরম্যান্স। পরদিনই ঘোষিত ১৫ জনের দলে নেই বাঁহাতি ওপেনারের নাম।
হ্যামস্ট্রিংয়ের চোটে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান কোহলি। তার জায়গায় মূলত আফগান সিরিজে ডাক পেয়েছিলেন জয়সওয়াল।
ইংল্যান্ড সফরের দলে ফিরলেও, ফিটনেস পরীক্ষা উৎরাতে হবে কোহলিকে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আগামী এক সপ্তাহে বেঙ্গালুরুতে অবস্থিত বিসিসিআই-এর ‘সেন্টার অব এক্সিলেন্সে’ ফিটনেস পরীক্ষা দেবেন তিনি।
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে দল গঠনের কাজ শুরু করেছে ভারত। এরই অংশ হিসেবে ইংল্যান্ড সিরিজের জন্য পূর্ণ শক্তির দল সাজিয়েছে তারা।
ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে ২০২৩ বিশ্বকাপের ফাইনালের পর আর কোনো ওয়ানডে খেলেননি বুমরাহ। ইংল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন অভিজ্ঞ পেসার।
দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে ভারতের শেষ তিনটি ওয়ানডে সিরিজের দলে ছিলেন না আকসার প্যাটেল। এই স্পিনিং অলরাউন্ডারকেও ফেরানো হয়েছে ইংল্যান্ড সফরে।
বুমরাহ ও আকসার ফেরায় বাদ পড়েছেন পেসার প্রিন্স ইয়াদাভ ও বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার হার্শ দুবে। প্রিন্স ও দুবের আফগানিস্তান সিরিজের ওয়ানডে অভিষেক হয়েছে।
চোটের থাবায় আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়া হার্দিক পান্ডিয়াকে ইংল্যান্ড সফরেও পাচ্ছে না ভারত। আফগানদের বিপক্ষে সিরিজের আগে ‘সেন্টার অব এক্সিলেন্সে’ অনুশীলন করার সময় পায়ে চোট পান এই পেস বোলিং অলরাউন্ডার।
আগামী ১৪ জুলাই বার্মিংহ্যামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। শেষ দুই ম্যাচ হবে কার্ডিফ ও লর্ডসে, যথাক্রমে ১৬ ও ১৯ জুলাই।
ইংল্যান্ড সিরিজের ভারত দল: শুবমান গিল (অধিনায়ক), রোহিত শার্মা, ভিরাট কোহলি (ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শর্তে), শ্রেয়াস আইয়ার (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, ইশান কিষান, ওয়াশিংটন সুন্দার, আকসার প্যাটেল, নিতিশ কুমার রেড্ডি, কুলদিপ ইয়াদাভ, জাসপ্রিত বুমরাহ, প্রাসিধ কৃষ্ণা, হার্শিত রানা, আর্শদিপ সিং, গুরনুর ব্রার।