১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘ট্রফি উঁচিয়ে ধরতে’ এশিয়া কাপ অভিযানে লিটনরা

ট্রফি জিততে চায় বাংলাদেশ, এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ার আগে বলে গেলেন লিটন দাস, জাকের আলিরা।

‘ট্রফি উঁচিয়ে ধরতে’ এশিয়া কাপ অভিযানে লিটনরা
এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন লিটনের। ছবি: লিটন কুমার দাসের ফেইসবুক পাতা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2025, 01:08 PM

Updated : 26 Aug 2026, 02:15 PM

প্রস্তুতি পর্ব যখন চলছে, সেই সপ্তাহ তিনেক আগেই কথাটি একবার বলেছিলেন জাকের আলি। দেশ ছাড়ার আগেও তার কণ্ঠে সেই প্রত্যয়। একই স্বপ্ন হৃদয়ে ধারণ করে উড়াল দিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাসও। তিনবার ফাইনালে হারার যন্ত্রণাময় অতীতকে পেছনে ফেলে এশিয়া কাপে এবার শিরোপার সাফল্যে নিজেদের রাঙাতে চায় বাংলাদেশ।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে লড়তে রোববার দুই ধাপে আবু ধাবিতে যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম ধাপে সকালে দেশ ছেড়েছেন অধিনায়ক লিটন কুমার দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, শামীম হোসেন, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তাওহিদ হৃদয়সহ বেশ কজন। বাকিদের যাওয়ার কথা সন্ধ্যার ফ্লাইটে।

এশিয়া কাপের জন্য এক মাস আগে শুরু হয়েছিল বাংলাদেশ দলের প্রস্তুতিপর্ব। শুরুতে কিছুদিন ছিল কঠোর ফিটনেস ট্রেনিং। এরপর শুরু হয় ব্যাট-বলের স্কিল ঝালাই। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে কিছুদিন অনুশীলনের পর সিলেটে পাড়ি জমায় গোটা দল। সেখানেও নিবিড়ভাবে চলে অনুশীলন। 

বাড়তি পাওনা ছিল পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের উপস্থিতি। এই পুরো সময়টায় স্কিল ট্রেনিংয়ের পাশাপাশি ফিটনেস ট্রেনিং ছিল নিয়মিতই। প্রস্তুতিতে কোনো ঘাটতি না রাখতেই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ আয়োজন করে বিসিবি। সেখানেও প্রত্যাশিতভাবেই ধরা দেয় সিরিজ জয়।

এবার মূল অভিযানের পালা। প্রস্তুতির মাঝামাঝি সময়ায় গত ১৮ অগাস্ট জাকের আলি বলেছিলেন, “এবার এশিয়া কাপে আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি।” দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও তার কণ্ঠে ফুটে উঠল সেই আত্মবিশ্বাসের সুর। 

শামীম হোসেনের সেলফিতে রিশাদ হোসেন, তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন। ছবি: তানজিদের ফেইসবুক পাতা।

শামীম হোসেনের সেলফিতে রিশাদ হোসেন, তানজিদ হাসান ও পারভেজ হোসেন ইমন

“অবশ্যই আমরা সবাই মনে-প্রাণে বিশ্বাস করি (চ্যাম্পিয়ন হতে পারব), ওরকম মানসিকতা নিয়েই যাচ্ছি। ড্রেসিং রুমের অবস্থা সবসময়ই ভালো ছিল। সব মিলিয়ে আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে, ফিটনেস থেকে শুরু করে নেদারল্যান্ডস সিরিজ। আমরা এশিয়া কাপে ভালো কিছু আশা করছি।”

“প্রতিটি ম্যাচে ধাপে ধাপে ভালো করার চেষ্টা থাকবে, যেহেতু ভালো প্রস্তুতি নিয়েছি। সব মিলিয়ে যদি বলেন আমাদের মূল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। প্রতিটি পদক্ষেপে ভালো খেলে ভালো একটি টুর্নামেন্ট উপহার দিতে চাই আমরা।”

এশিয়া কাপ শুরু হয়ে যাচ্ছে মঙ্গলবার। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী বৃহস্পতিবার হংকংয়ের বিপক্ষে আবু ধাবিতে। মূল পরীক্ষা অবশ্য পরের দুই ম্যাচ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে পরের ধাপে উতরাতে পারা হবে কঠিন চ্যালেঞ্জ। 

বিশ্লেষক ও সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া সম্প্রতি বলেছেন, বাংলাদেশ গ্রুপ পর্ব থেকেই বাদ পড়বে বলে তার ধারণা। একইরকম ধারণা সাবেক লঙ্কান ক্রিকেটার ও ধারাভাষ্যকা রাসেল আর্নল্ডের। তবে বিশ্লেষকদের ভাবনাকে পাত্তা দিচ্ছেন না জাকের।

শেখ মেহেদি হাসান, সাইফ হাসান ও রিশাদ হোসেন। ছবি: রিশাদের ফেইসবুক পাতা।

শেখ মেহেদি হাসান, সাইফ হাসান ও রিশাদ হোসেন

“কাউকে জবাব দেওয়ার কিছু নেই। আমরা আমাদের ক্রিকেট খেলব, নিজেদের সেরা ক্রিকেট খেলব।”

টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে এশিয়া কাপে যাচ্ছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শেষে লিটন বলেছিলেন, এশিয়া কাপের জন্য বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত, কারণ এত ভালো প্রস্তুতি পর্ব আগে কখনও দেখেননি তিনি। এবার আবু ধাবির উড়ানে চেপে অধিনায়ক শোনালেন স্বপ্নের কথা। 

“বিশ্বের সেরা সমর্থকদের কাছে প্রার্থনা চাইছি আমার জন্য ও আমার দলের জন্য।”

“সংযুক্ত আরব আমিরাতে নিজেদের সেরাটা দেওয়ার প্রতিজ্ঞা করছি আমরা। একটি করে ম্যাচ ধরে এগোব, তবে চূড়ান্ত স্বপ্ন অবশ্য ট্রফি উঁচিয়ে ধরা।”