১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুইচ হিট কাভার ড্রাইভ, বাঁহাতি ছক্কা, ফিলিপসের নতুন চমক

ডানহাতি ব্যাটসম্যান ফিলিপস বাঁহাতি হয়ে অবিশ্বাস্য দুটি শট খেললেন ৪৮ বলে ৯০ রানের ইনিংসের পথে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2025, 11:56 AM

Updated : 26 Aug 2026, 05:27 PM

সুইচ হিট ক্রিকেটে এখন আর চমকপ্রদ কিছু নয়। সে দেড় যুগ আগে কেভিন পিটারসেন এই শট খেলে আলোচনার ঝড় তুলেছিলেন। পরবর্তীতে ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েলরা এটি অন্য উচ্চতায় তুলে নেন। এখন তো ক্রিকেট বিশ্বজুড়ে হরহামেশাই এটি দেখা যায়। তবে গ্লেন ফিলিপস যা দেখালেন, তাতে চোখ কপালে উঠবে বাধ্য। 

সুইচ হিটের ক্ষেত্রে ব্যাটসম্যানরা ডানহাতি থেকে বাঁহাতি বা বাঁহাতি থেকে ডানহাতি হয়ে সাধারণত সুইপ খেলেন। কখনও স্লগ করেন, কখনও খেলেন পুল। যেটিই হোক, লেগ সাইডেই শট খেলতে দেখা যায় সুইচ হিটে। নিউ জিল্যান্ডের টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্প্যাশের ম্যাচে ফিলিপস দেখালেন উল্টো চিত্র।

ওটাগোর হয়ে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের হয়ে খেলছিলেন ফিলিপস। ১৯তম ওভারে বল করছিলেন অফ স্পিনার ডিন ফক্সক্রফট। বোলারের রান আপের মাঝপথেই ডানহাতি ব্যাটসম্যান ফিলিপস সুইচ করে বাঁহাতি হয়ে গেলেন। ফক্সক্রফট বল করলেন বাঁহাতি ব্যাটসম্যানের জন্য অফ স্টাম্পের বাইরে। সত্যিকারের বাঁহাতি ব্যাটসম্যানের মতোই ফিলিপস দারুণ এক কাভার ড্রাইভ খেললেন। বল এক্সট্রা কাভার দিয়ে (ডানহাতির জন্য ওয়াইড মিড উইকেট) বল চলে গেল বাউন্ডারিতে।

ধারাভাষ্যকার হাসতে হাসতে বললেন, “গ্লেন ফিলিপস… ইউ আর অ্যান অ্যাবসলিউট ফ্রিক…।”

সু্ইচ হিটের নতুন দিগন্ত তিনি খুলে দিলেন যেন ওই শটে।

ফিলিপসের রোমাঞ্চকর অভিযানের শেষ নয় সেখানেই। পরের ওভারে দেখালেন তিনি আরেক ঝলক। 

ইনিংসের শেষ ওভার বোলিং করছিলেন বাঁহাতি স্পিনার জেডেন লেনক্স। শেষের আগের ডেলিভারিতে ফিলিপস বাঁহাতি ব্যাটসম্যানই হয়ে গেলেন। আগে থেকেই বাঁহাতি ব্যাটসম্যানের স্টান্স নিলেন। এটা অবশ্য নতুন কিছু নয়। বাঁহাতি ডেভিড ওয়ার্নার বেশ কবারই ডানহাতি হয়ে ব্যাট করেছেন। বিপিএলেও সেটি দেখিয়ে গেছেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। 

এবার ফিলিপিস বাঁহাতির স্টান্স নেওয়ার পর প্রতিপক্ষ অধিনায়ক সেভাবেই মাঠ সাজালেন। বাঁহাতি ব্যাটসম্যানের জন্য এক্সট্রা কাভার ফিল্ডারকে বৃত্তের ভেতরে আনা হলো, মিড উইকেট ফিল্ডারকে পাঠিয়ে দেওয়া হলো সীমানায়। স্কয়ার লেগ সীমানার ফিল্ডারকে আরও বাঁদিকে সরিয়ে দেওয়া হলো। 

বোলার লেনক্স বল করলে বাঁহাতির জন্য অফ স্টাম্পের অনেক বাইরে, প্রায় ওয়াইড হওয়ার মতো ডেলিভারি। ফিলিপস স্লগ না করে বা লেগ সাইডে খেলার চেষ্টা না করে সত্যিকারের বাঁহাতি ব্যাটসম্যানের মতোই এক্সট্রা কাভারের ওপর দিয়ে উড়িয়ে দিলেন। বল ডানা মেলে দিয়ে উড়ে গেল সীমানার পেরিয়ে।

এবার ধারাভাষ্যকারের চিৎকার, “ইউ গট টু বি জোকিং… বাঁহাতি হয়ে এক্সট্রা কাভারের ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে দিয়েছেন…। ইউ বিউটি… কেউ বিশ্বাস করতে পারছেন না…।” আরেক ধারাভাষ্যকারের উচ্চারণ, “ঠিক নিশ্চিত নই, এখানে কী দেখছি আমি…।”

শেষ বলটিও বাঁহাতি হয়েই খেলেন ফিলিপস। এবার অবশ্য সুইপের মতো খেলেন ফিলিপস। বল যায় মিড উইকেটে। দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রান আউট হন অন্য প্রান্তের ব্যাটসম্যান বেন লকরোজ। 

ফিলিপস অপরাজিত থাকেন ৪৮ বলে ৯০ রান করে। ২০ ওভারে ১৯৩ রান তুলে ওটাগো পরে মাচ জিতে নেয় ৪১ রানে।

ম্যাচ-সেরা হয়ে ফিলিপস বললেন, কিছুদিনের অনুশীলনের ফসল ম্যাচে ঘরে তুললেন তিনি। 

“কিছু দিন ধরে নেটে এটা করছি আমি, তবে (আগে) কখনও ম্যাচে করে দেখিনি। অবশ্যই এটা বেশ কৌতূহল জাগানিয়া ব্যাপার… পেশাদার ক্রিকেটে এভাবে উল্টো ব্যাটিং করা…।”

“সেদিন নেটে ডানহাতির চেয়ে বাঁহাতি হয়ে আমি বেশি ভালো ব্যাট করছিলাম। এজন্য মনে হলো, অন্তত চেষ্টা করে দেখাই যায়, বিশেষ করে যখন হারানোর বেশি কিছু ছিল না।”