১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাশিদের দারুণ বোলিং, কারানের হ‍্যাটট্রিকে শ্রীলঙ্কাকে হারাল ইংল‍্যান্ড

বৃষ্টি বিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১১ রানে জিতেছে হ‍্যারি ব্রুকের দল।

রাশিদের দারুণ বোলিং, কারানের হ‍্যাটট্রিকে শ্রীলঙ্কাকে হারাল ইংল‍্যান্ড
আদিল রাশিদের দারুণ বোলিংয়ে বৃষ্টি বিঘ্নিত ম‍্যাচে জয়ে সিরিজ শুরু করেছে ইংল‍্যান্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 01:11 AM

Updated : 26 Aug 2026, 02:49 PM

বিরূপ আবহাওয়া, ভেজা মাঠ আর বৃষ্টির বাগড়ায় দৈর্ঘ‍্য কমে যাওয়া ম‍্যাচে দুর্দান্ত বোলিং করলেন আদিল রাশিদ। শুরুতে খরুচে বোলিং করা স‍্যাম কারান পরে ঘুরে দাঁড়িয়ে করলেন হ‍্যাটট্রিক। বাকিটা সারলেন ব‍্যাটসম‍্যানরা। শ্রীলঙ্কাকে হারিয়ে তিন ম‍্যাচের সিরিজে এগিয়ে গেল ইংল‍্যান্ড। 

প্রথম টি-টোয়েন্টিতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১১ রানে হারিয়েছে হ‍্যারি ব্রুকের দল। 

১৭ ওভারে নেমে আসা ম‍্যাচে চার বল বাকি থাকতে ১৩৩ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ইংল‍্যান্ড ১৫ ওভারে ১২৫ রান করার পর তুমুল বৃষ্টি নামলে সেখানেই খেলা শেষ হয়ে যায়। সে সময় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ইংল‍্যান্ডের প্রয়োজন ছিল ১১৫ রান। 

পাল্লেকেলে ইন্টারন‍্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টস হেরে ব‍্যাট করতে নেমে শুরুতেই কামিল মিশারাকে হারায় স্বাগতিকরা। 

অনেকটা সময় ক্রিজে থাকলেও সেভাবে নিজের ইনিংসকে গতি দিতে পারেননি পাথুম নিসাঙ্কা। তবে কুসাল মেন্ডিসের ঝড়ো ব‍্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় শ্রীলঙ্কা।

৭ ওভারে দলটির রান ছিল ১ উইকেটে ৭৬ রান। অষ্টম ওভারের প্রথম বলে নিসাঙ্কাকে কট বিহাইন্ড করে ৫২ রানের জুটি ভাঙেন রাশিদ। এরপর দিক হারিয়ে পুরো ১৭ ওভার ব‍্যাটিং করতে পারেনি স্বাগিতকরা। 

২০ বলে দুই ছক্কা ও চারটি চারে ৩৭ রানের বিস্ফোরক ইনিংস খেলা মেন্ডিসকেও ফেরান রাশিদ। পরে তিনি নেন ধনাঞ্জায়া ডি সিলভার উইকেট।

ইংলিশ লেগ স্পিনারের ছোবলে ৯৮ রানে ৬ উইকেট হারানো শ্রীলঙ্কা প্রতিরোধ গড়ার আভাস দেয় দাসুন শানাকা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার জুটিতে। 

ষোড়শ ওভারের চতুর্থ বলে শানাকাকে ফিরিয়ে ৩১ রানের জুটি ভাঙেন কারান। পরের দুই বলে মাহিশ থিকশানা ও মাথিশা পাথিরানাকে ফিরিয়ে পূরণ করেন হ‍্যাটট্রিক।

প্রথম ২ ওভারে ৩৫ রান দিয়েছিলেন কারান। নিজের তৃতীয় ওভারে ৩ রান দিয়ে তিনি নিলেন তিন উইকেট। টি-টোয়েন্টিতে ইংল‍্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে হ‍্যাটট্রিক করলেন এই অলরাউন্ডার।

পরের ওভারে একটি চার মেরেই থেমে যান হাসারাঙ্গা।

রান তাড়ায় ইংল‍্যান্ডের শুরুটা হয় দুর্দান্ত। থিকশানার প্রথম বল ছক্কায় ওড়ান সল্ট। পরের দুই বলে মারেন দুটি চার। 

তৃতীয় ওভারে আক্রমণে এসে প্রথম চার বলে চারটি চার হজম করেন ইশান মালিঙ্গা। পরের বলে জস বাটলার বোল্ড হলে ভাঙে ৩৬ রানের উদ্বোধনী জুটি।

নিজের পরের ওভারে জ‍্যাকব বেথেলকেও ফেরান মালিঙ্গা। তবে টম ব‍্যান্টনের আগ্রাসী ব‍্যাটিংয়ে ফের দ্রুত এগোতে থাকে ইংল‍্যান্ড। 

১৫ বলে দুই ছক্কা ও তিন চারে ২৯ রান করা ব‍্যান্টনকে থামান পাথিরানা। বৃষ্টি নামার মাত্র দুই বল আগে শানাকাকে ছক্কা মারতে গিয়ে সীমানায় ধরা পড়েন সল্ট। ৩৫ বলে দুই ছক্কা ও তিন চারে এই ওপেনার করেন ৪৬ রান। 

আগামী রোববার একই মাঠে হবে দ্বিতীয় টি-টোয়েন্টি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ১৬.২ ওভারে ১৩৩ (নিসাঙ্কা ২৩, মিশারা ১৬, মেন্ডিস ৩৭, আসালাঙ্কা ২, ডি সিলভা ১১, লিয়ানাগে ১, শানাকা ১৪, থিকশানা ০, পাথিনারা ০, মালিঙ্গা ০*; কারান ৩-০-৩৮-৩, আর্চার ৩-০-২২-০, ওভারটন ২.২-০-১৭-২, ডসন ৪-০-৩১-২, রাশিদ ৪-০-১৯-৩)

ইংল‍্যান্ড: (লক্ষ‍্য ১৫ ওভারে ১১৫) ১৫ ওভারে ১২৫/৪ (সল্ট ৪৬, বাটলার ১৭, বেথেল ৯, ব‍্যান্টন ২৯, ব্রুক ১৬*, কারান ১*; থিকশানা ৩-০-৩১-০, পাথিরানা ৪-০-১৮-১, মালিঙ্গা ২-০-২৪-২, হাসারাঙ্গা ৪-০-৩৬-০, শানাকা ২-০-১২-১)

ফল: ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ১১ রানে জয়ী ইংল‍্যান্ড

ম‍্যান অব দা ম‍্যাচ: আদিল রাশিদ