এনগিডিকে দলে নিয়ে ফাইনালের অপেক্ষায় দ.আফ্রিকা
আট মাস ও তিন সিরিজ পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে সাদা পোশাকে ফেরার দুয়ারে প্রোটিয়া পেসার।
সবশেষ টেস্ট খেলার পর কেটে গেছে আট মাস। মাঝে হয়ে গেছে তিনটি সিরিজ। লম্বা এই সময়টায় মাঠের বাইরে থাকা লুঙ্গি এনগিডিকে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে অভিজ্ঞ পেসারকে রেখেছে তারা।
আগামী ১১ জুন ক্রিকেট তীর্থ লর্ডসে শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচটির জন্য মঙ্গলবার ১৫ জনের দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান ম্যাথু ব্রিটস্কি ও তরুণ পেসার কিউনা মাফাকা। চোট কাটিয়ে ফেরা পেসার জেরল্ড কুটসিয়ার ও নান্দ্রে বার্গারের জায়গা হয়নি দলে। গতিময় বোলার আনরিখ নরকিয়াকেও রাখা হয়েছে বাইরে।
গত অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ টেস্ট খেলেন এনগিডি। পরে বাংলাদেশ সফরের টেস্ট দলেও রাখা হয় তাকে; কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
পরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ‘কন্ডিশনিং ব্রেক’ হিসেবে বিশ্রাম দেওয়া হয় ২৮ বছর বয়সী পেসারকে। নিজেকে ভালোভাবে গুছিয়ে নেওয়ার এই বিরতিতে বোর্ডের চিকিৎসা বিভাগের পরীক্ষা-নিরীক্ষায় তার কুঁচকির চোট ধরা পড়ে।
ওই সমস্যায় ঘরের মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। চলতির বছরের শুরুর দিকে সাদা বলের ক্রিকেট দিয়ে মাঠে ফেরেন এনগিডি। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। স্থগিত হওয়ার আগে আইপিএলে খেলেছেন একটি ম্যাচ।
ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় ফাইনালে প্রোটিয়া দলের সেরা পেসার কাগিসো রাবাদাকে পাওয়া নিয়ে শঙ্কা জেগেছিল। তার এক মাসের নিষেধাজ্ঞা গত ৩ মে শেষ হয়ে যাওয়ায় সেই কালো মেঘ সরে গেছে। স্বাভাবিকভাবেই অভিজ্ঞ এই পেসার আছেন ফাইনালের স্কোয়াডে।
টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে দারুণ বোলিং করা ড্যান প্যাটারসন। ডানহাতি এই পেসার এখন কাউন্টিতে মিডলসেক্সের হয়ে খেলছেন।
৬ পেসার নিয়ে সাজানো দলের বাকি তিনজন হলেন- ভিয়ান মুল্ডার, কর্বিন বশ ও মার্কো ইয়ানসেন। অভিজ্ঞ স্পিনার কেশাভ মহারাজের সঙ্গে স্পিনিং অলরাউন্ডার সেনুরান মুথুসামিকে রেখেছে প্রোটিয়ারা।
ব্যাটিং লাইন আপে নিয়মিতদেরই পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমার সঙ্গে আছেন এইডেন মার্করাম, টনি ডি জোর্জি, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনা, ডেভিড বেডিংহ্যাম।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ১২ ম্যাচ খেলে ৮টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ভারতের বিপক্ষে সিরিজ ১-১ ড্র করার পর নিউ জিল্যান্ডের মাটিতে হেরে যায় ২-০ ব্যবধানে। পরে অগাস্টে ওয়েস্ট ইন্ডিজে জেতে ১-০তে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে তারা। ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় বাভুমার দল।
এদিন শিরোপাধারী অস্ট্রেলিয়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জোর্জি, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, মার্কো ইয়ানসেন, কাগিসো রাবাদা, কেশাভ মহারাজ, লুঙ্গি এনগিডি, কর্বিন বশ, কাইল ভেরেইনা, ডেভিড বেডিংহ্যাম, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন।
