১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে টেস্টে নয়, রাজা খেলবেন উস্টারে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট বাদ দিয়ে ইংল্যান্ডে টি-টোয়েন্টি ব্লাস্টে খেলবেন সিকান্দার রাজা, ৩৯ বছর বয়সে টেস্ট দলে ফিরেছেন লেগ স্পিনার গ্রায়েম ক্রিমার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2026, 09:25 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

বাংলাদেশ-জিম্বাবুয়ে হারারে টেস্ট যেদিন শুরু, সেদিনই ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে সমারসেটের বিপক্ষে উস্টারশায়ারের ম্যাচ। সিকান্দার রাজা খেলবেন উস্টারের হয়েই। বাংলাদেশের বিপক্ষে টেস্টের সময় উস্টারের হয়ে খেলার অনুমতি পেয়েছেন ৪০ বছর বয়সী এই অলরাউন্ডার।

উস্টারের হয়ে এই আসরে এর মধ্যেই ছয়টি ম্যাচ খেলে ফেলেছেন রাজা। জিম্বাবুয়ে ক্রিকেট বিবৃতিতে জানায়, “২০২৬ ভাইটালিটি ব্লাস্ট মৌসুমের বাকি অংশে উস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে তার প্রতিশ্রুতি পূরণের অনুমতি দেওয়া হয়েছে রাজাকে।”

জিম্বাবুয়ের ১৫ জনের দলে বড় চমক আছে একটি। ৩৯ বছর বয়সে টেস্ট দলে ফিরেছেন গ্রায়েম ক্রিমার। দীর্ঘদিন জিম্বাবুয়ে ক্রিকেটের বাইরে থাকা লেগ স্পিনার গত নভেম্বরে টি-টোয়েন্টিতে ফিরেছেন প্রায় আট বছর পর। এবার টেস্ট দলে ফিরলেন সাড়ে আট বছর পর। 

১৯ টেস্টে ৫৭ উইকেট শিকারি স্পিনার সবশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের ডিসেম্বরে। 

জিম্বাবুয়ে সবশেষ টেস্ট খেলেছে গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে। সেই দল থেকে রাজা ছাড়াও এবার নেই টানুনুরওয়া মাকোনি, নিক ওয়েলচ, আন্তুম নাকভি, টিনোটেন্ডা মাপোসা এবং ওয়েলিংটন মাসাকাদজা। 

ক্রিমার ছাড়াও দলে ফিরেছেন ইনোসেন্ট কাইয়া, টাডিওয়ানাশে মারুমানি, ওয়েসলি মাধেভেরে ও নিউম্যান ন্যামহুরি। 

হারারে টেস্ট শুরু আগামী রোববার। ক্রেইগ আরভিনের জায়গায় গত ডিসেম্বরে নেতৃত্ব পাওয়া রিচার্ড এনগারাভার টেস্ট অধিনায়কত্বে অভিষেক হবে এই ম্যাচ দিয়ে। 

জিম্বাবুয়ে স্কোয়াড: রিচার্ড এনগারাভা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, টানাকা চিভাঙ্গা, গ্রায়েম ক্রিমার, বেন কারান, ক্রেইগ আরভিন, ব্র্যাড ইভান্স, ইনোসেন্ট কাইয়া, রয় কাইয়া, ওয়েসলি মাধেভেরে, টাডিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, নিউম্যান ন্যামহুরি, ব্রেন্ডান টেইলর, টাফাডজাওয়া সিগা।