Published : 16 Jun 2026, 05:06 PM
সাদা বলের আরেক সংস্করণে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী লিটন দাস। ওয়ানডে সিরিজ জয়ী দলের বেশিরভাগ ক্রিকেটার টি-টোয়েন্টি দলে থাকায় নিজেদের খুব ভালো সম্ভাবনা দেখছেন বাংলাদেশ অধিনায়ক।
ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এবারই প্রথম সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। তবে টি-টোয়েন্টিতে এই তেতো স্বাদ পেয়েছে আগেই, ২০২১ সালে। সেবার অবশ্য মিরপুরে স্পিন মঞ্চ সাজিয়েছিল বাংলাদেশ। এবার সেই পথে হাঁটছেন না লিটনরা। টি-টোয়েন্টিতেও স্পোর্টিং উইকেটে সফরকারীদের হারাতে চান তারা।
চট্টগ্রামে বুধবার প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগের দিন সংবাদ সম্মেলনে লিটন বললেন, ওয়ানডে সিরিজ জয় আত্মবিশ্বাস যোগাচ্ছে তাদের।
“শুধুমাত্র সিরিজ জিতেছি না, তিন ম্যাচেই খুব ভালো ক্রিকেট খেলেছি। এটা বাড়তি পাওয়া। অবশ্যই সংস্করণ ভিন্ন, আমাদের দল ভিন্ন এবং ওদের দলও ভিন্ন। একটা ভালো দিক, আমাদের বেশিরভাগ খেলোয়াড়ই ওয়ানডে ক্রিকেট খেলেছে।”
“সবার ওই (সিরিজ জয়ের) আত্মবিশ্বাস আছে। নির্দিষ্ট দিনে খুব ভালো ক্রিকেট খেলতে হবে।”
সতীর্থদের লিটন মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়া বড় দল আর খেলা হবে ভিন্ন সংস্করণে। তাতে দলকে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে। তাই সতীর্থদের সেভাবেই প্রস্তুত হতে বললেন অধিনায়ক।
“এই সংস্করণটাই কঠিন। সীমিত ওভারের সংস্করণের খেলায় যে কোনো দলই আক্রমণাত্মক মনোভাবে থাকে। আসলে যে কোনো দলই যখন ব্যাটিং-বোলিং করে, ওই মানসিকতা নিয়ে থাকে।”
“অস্ট্রেলিয়া অবশ্যই বড় নাম। তারা তাদের সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করবে। অবশ্যই আমরাও আমাদের সেরা ক্রিকেটটা খেলার চেষ্টা করব। আমি আবারও বলছি, অবশ্যই যে কোনো দলের বিপক্ষে জিততে গেলে নির্দিষ্ট দিনে খুবই ভালো ক্রিকেট খেলতে হবে।”
এই ভালো ফলের জন্য লোয়ার মিডল অর্ডারের কাছে একটু ‘বাড়তি’ আশা করছেন লিটন। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও একই সুর ছিল তার কথায়। ওই সিরিজে খানিকটা প্রতিদানও দিয়েছে লোয়ার মিডল অর্ডার।
নিউজিল্যান্ড সিরিজে দলের মূল পেসারদের বিশ্রামে রেখে নতুনদের সুযোগ দেওয়া হয়েছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেরানো হয়েছে মূল পেসারদের। তারা থাকায় লিটন বললেন, সেরা দল নিয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি।
“একটা জিনিস ভালো, পেস ইউনিট অনেক শক্তিশালী। যে কোনো খেলোয়াড়কেই খেলাতে পারবেন সেরা একাদশে। এটা ভালো প্রতিযোগিতা। একই সময়ে বাংলাদেশ দলের জন্য ভালো, বেঞ্চ অনেক শক্তিশালী হচ্ছে।”
“আমি আগেও বলেছি, তাসকিন বড় নাম। তাদের যে অভিজ্ঞতা…। সবশেষ সিরিজে তাদেরকে (পেসারদের) বিশ্রামের কারণে খেলানো হয়নি। এই সিরিজে তারা এসেছে। পূর্ণ শক্তি নিয়ে আমরা যাচ্ছি ভালো ক্রিকেট খেলার জন্য।”