Published : 01 Sep 2026, 05:22 PM
দলের অর্ধেক খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানো হয়েছে, সঙ্গে চাকরি হারিয়েছেন দুই কোচও। এমন পরিস্থিতিতে সতীর্থ ও কোচদের পাশে না দাঁড়ানোয় বাবর আজমের তীব্র সমালোচনা করেছেন রাশিদ লাতিফ। পাকিস্তানের সাবেক অধিনায়কের চোখে, বাবর এখন ‘পুতুল’ অধিনায়ক।
ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে হারের পর দলে আমূল পরিবর্তন এনেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তৃতীয় ও শেষ টেস্টের আগে সাত জনকে দেশে ফেরত পাঠিয়েছে তারা। যে তালিকায় আছেন মোহাম্মাদ রিজওয়ান, সালমান আলি আগা, ইমাম-উল-হাকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
এখানেই শেষ নয়, টেস্ট দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সারফারাজ আহমেদকে সরিয়ে দেয় পিসিবি। সাবেক এই কিপার-ব্যাটসম্যানের নেতৃত্বে ভারতের হারিয়ে ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। সারফারাজের সঙ্গে বোলিং কোচ উমার গুলকেও চাকরিচ্যুত করা হয়।
সারফারাজ ও গুলের জায়গায় মাইক হেসন ও অ্যাশলি নফকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগে থেকেই পাকিস্তানের সাদা বলের দলের আছেন প্রধান কোচ ও বোলিং কোচ এই দুইজন।
গত জুলাইয়ে শান মাসুদকে সরিয়ে দ্বিতীয় মেয়াদে বাবরকে টেস্টের অধিনায়ক করে পাকিস্তান। তার নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে একটি টেস্ট জিতে, সিরিজ ড্র করে এশিয়ার দলটি। কিন্তু ইংল্যান্ডে গিয়ে রীতিমতো ভরাডুবি হয়েছে তাদের। প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর, দ্বিতীয়টিতেও পেয়েছে বড় হারের তেতো স্বাদ।
এরপরই মূলত এই বদল আনে পিসিবি। সাতজনকে বাদ দিয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা পাঁচজনকে দলে ডাকে তারা।
লাতিফের ক্ষোভ মূলত, অধিনায়ক হয়েও এমন পরিস্থিতিতে বাবরের চুপ থাকায়। সাবেক এই কিপারের মতে, সত্যিকারের নেতৃত্বগুণ থাকলে সতীর্থ ও কোচদের সঙ্গে যা ঘটেছে, তারপর অধিনায়কত্ব ছেড়ে দেওয়া উচিত ছিল বাবরের।
“বাবরের এখানেই পদত্যাগ করা উচিত ছিল। দলের অর্ধেককে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি তার জায়গায় থাকলে অধিনায়কত্ব ছেড়ে দিতাম। তুমি এখন ‘পুতুল’ অধিনায়ক হয়ে গেছো। একজন নেতা আর একজন অধিনায়কের মধ্যে পার্থক্য আছে।”
বোর্ডের দিকে লাতিফ আরও গুরুতর অভিযোগ তুলেছেন, পিসিবি এভাবে সবসময় নামমাত্র অধিনায়ক বানিয়ে দল পরিচালনা করে।
“সাতজন খেলোয়াড়কে ফেরত পাঠিয়ে দিয়েছে। ইমামের বিষয়টি না হয় বুঝলাম, সে চোট পেয়েছে। এছাড়া আরও ছয়জন খেলোয়াড়কেও ফেরত পাঠানো হয়েছে। কোচ ও মেন্টরকে ফেরত পাঠিয়েছে। যে (নেতৃত্ব দিয়ে) চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছিল। উমর গুলকেও ফেরত পাঠানো হলো।
“অথচ তুমি নিজের দলের পাশে দাঁড়াচ্ছ না! কোচকে এভাবে সরিয়ে দেওয়া হচ্ছে আর তুমি চুপচাপ বসে আছো। এতেই বোঝা যায়, পিসিবির সবসময় একজন ‘পুতুল’ অধিনায়কেরই প্রয়োজন হয়।”
কব্জির চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি বাবর। লর্ডসে দ্বিতীয় টেস্টে ফিরে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন তিনি, দুই ইনিংসে করেন ৮ ও ৬ রান।
আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু ইংল্যান্ড-পাকিস্তানের তৃতীয় টেস্ট।