‘শর্ট বল খেলতে না পারলে টেনিস বা গল্ফ খেল’, কনকাশন বদলি নিয়ে গাভাস্কারের প্রশ্ন
ভারতীয় ব্যাটিং গ্রেটের মতে, ওল্ড ট্র্যাফোর্ডে রিশাভ পান্তের চোটের মতো গুরুতর পরিস্থিতিতে বদলি খেলোয়াড় ব্যবহারের নিয়ম করা উচিত আইসিসির।
আইসিসির কনকাশন বদলি নিয়মের কড়া সমালোচনা করেছেন সুনিল গাভাস্কার। তার মতে, ‘অক্ষমতার’ জন্য একধরনের পুরস্কার দিচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। হেলমেটে বলের আঘাত পাওয়া ক্রিকেটারের বদলি খেলানো গেলে গুরুতর চোটের জন্য কেন নয়, প্রশ্ন তুলেছেন ভারতীয় ব্যাটিং গ্রেট।
প্রসঙ্গটি উঠেছে ইংল্যান্ডের বিপক্ষে চলমান ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে রিশাভ পান্তের চোট ঘিরে। ম্যাচের প্রথম দিন ক্রিস ওকসের ফুল লেংথ ডেলিভারি রিভার্স সুইপ করার চেষ্টায় পায়ে আঘাত পান ভারতীয় কিপার-ব্যাটসম্যান।
তার চোখেমুখে ফুটে ওঠে প্রবল যন্ত্রণার ছাপ। ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না। কেডস খোলার পর দেখা যায়, জায়গাটা ফুলে উঠেছে বাজেভাবে, হালকা রক্তও দেখা যায়। হাঁটতে না পারায় মাঠ ছাড়েন তিনি গল্ফ বাগিতে করে।
স্ক্যান করানো হলে, তার পায়ের পাতার হাড়ে চিড় ধরা পড়ে। চলতি টেস্ট তো বটেই, পরের ম্যাচেও তার খেলার সম্ভাবনা নেই বলে খবর আসতে থাকে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ম্যাচের দ্বিতীয় দিনই খুঁড়িয়ে ব্যাটিংয়ে নামেন পান্ত। গোটা গ্যালারি তুমুল করতালিতে স্বাগত জানায় তাকে।
৩৭ রানে চোট পেয়ে পান্ত পরে পেরিয়ে যান ফিফটি। ভাঙা পা নিয়েই স্পর্শ করেন ভারতের হয়ে সবচেয়ে বেশি ছক্কায় ভিরেন্দার শেবাগের রেকর্ড। গুরুত্বপূর্ণ ৫৪ রানের ইনিংস খেলে আউট হন তিনি। তার সৌজন্যে সাড়ে তিনশ পার করে ভারত।
দিনের খেলা শেষে শার্দুল ঠাকুর জানান, প্রচণ্ড ব্যথ নিয়েই ব্যাটিং করেছেন পান্ত। তার ব্যাটিংয়েও স্পষ্ট দেখে গেছে অস্বস্তির ছাপ। গুরুতর চোট নিয়েও ব্যাটিং করতে হয়েছে পান্তকে, বদলি কাউকে ব্যাটিংয়ে নামাতে পারেনি ভারত, মূলত এটা নিয়েই ক্ষুব্ধ গাভাস্কার।
সনি স্পোর্টসের অনুষ্ঠানে তিনি কনকাশন বদলির নিয়মকে একরকম অপ্রয়োজনীয় বলেন। তার মতে, শর্ট বল খেলতে না পারা খেলোয়াড়দের টেস্ট ক্রিকেট খেলারই দরকার নেই।
“আমার সবসময়ই মনে হয়েছে, অক্ষমতার জন্য ‘লাইক-ফর-লাইক’ বদলি দেওয়া হচ্ছে। শর্ট-পিচ বোলিং যথেষ্ট ভালোভাবে খেলতে না পারলে টেস্ট খেলার দরকার কী, টেনিস কিংবা গল্ফ খেললেই তো হয়। এমন একজনের জন্য লাইক-ফর-লাইক বদলি দেওয়া হচ্ছে, যে শর্ট বল খেলতে পারে না এবং আঘাত পায়।”
পান্তের চোটের মতো এমন গুরুতর পরিস্থিতির জন্য বদলি ক্রিকেটার খেলানোর নিয়ম দেখতে চান গাভাস্কার। এর জন্য প্রয়োজনে একটি কমিটি গঠনের পরামর্শও দিয়েছেন তিনি।
“এখানে এটা স্পষ্ট চোট; এর জন্য বদলি থাকা উচিত। আমি চাই, এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা কমিটি নিযুক্ত করা হোক। আইসিসির একটা ক্রিকেট কমিটি আছে, কিন্তু এখন সেটার নেতৃত্বে সৌরভ গাঙ্গুলি, আইসিসি চেয়ারম্যান আবার জয় শাহ এবং আইসিসির প্রধান নির্বাহী সাঞ্জোগ গুপ্তা।”
“আমরা এমন কোনো পরিস্থিতি চাই না, বিশেষ করে এখানকার (ইংল্যান্ড) ও অস্ট্রেলিয়ার গণমাধ্যম বলবে, ‘ও, ভারত এমন পরিস্থিতিতে পড়ায় তারা এসব করা শুরু করেছে।’ তাই এসব চোট যাচাইয়ের জন্য সম্পূর্ণ আলাদা একটি কমিটি করা হোক, চিকিৎসকদের নিয়েও হতে পারে… সেই কমিটি সিদ্ধান্ত নিক।”
গাভাস্কারের সঙ্গে একমত হন ওই অনুষ্ঠানে উপস্থিত ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও। তার মতে, খেলাটির মান ধরে রাখতে নিয়মে বদল আনা প্রয়োজন।
“যদি কোনো ফুটবলারের ম্যাচের শুরুতেই পা ভেঙে যায়, তাহলে তার বদলি নামানো যায়। ক্রিকেট কেন আলাদা হবে? পান্তের পা (পায়ের হাড়) ভেঙে গেছে। সে এই ম্যাচে আবার বা পরের ম্যাচে আর খেলতে পারবে না। এই ধরনের পরিস্থিতিতে চোটের জন্য ‘লাইক-ফর-লাইক’ বদলির স্পষ্ট নীতিমালা প্রয়োজন।”
