Published : 26 Jun 2026, 07:37 PM
আগের দিন ভারতের ব্যাটিং কোচ সিতানশু কোটাক পরিষ্কার আভাস দিয়েই রেখেছিলেন। টসের সময় শ্রেয়াস আইয়ার নিশ্চিত করে দিলেন, একাদশে নেই বৈভাব সুরিয়াভানশি। আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে তাই আপাতত অপেক্ষা করতে হচ্ছে ভারতের বিস্ময় বালককে।
আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ দিয়ে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে পথচলা শুরু হচ্ছে শ্রেয়াসের। তবে সিরিজের আগে যাবতীয় আলোচনার কেন্দ্রে এবং মূল আকর্ষণ ছিলে সুরিয়াভানশি। ১৫ বছর বয়সে ক্রিকেট বিশ্বে তাক লাগিয়ে দেওয়া ব্যাটসম্যানের আন্তর্জাতিক অভিষেক হবে বলে ধারণা করা হচ্ছিল।
বেলফাস্টের স্টরমন্টে শুক্রবার টসের সময় অধিনায়ক শ্রেয়াসকে জিজ্ঞেস করা হলো, সুরিয়াভানশি কি খেলছেন? ভারতের নতুন অধিনায়কের উত্তর, “দুর্ভাগ্যবশত, ‘না।’ সে অবশ্যই অসাধারণ। কিন্তু আমাদের দলে প্রচুর অভিজ্ঞ ক্রিকেটার আছে, যারা ভারতের হয়ে গত কয়েকটি সিরিজে দুর্দান্ত খেলেছে। তাই আমরা আমাদের বেশিরভাগ ক্রিকেটারের ওপর আস্থা রাখছি, যারা মৌসুমেজুড়ে দারুণ খেলে আসছে। সময় হলে তার সুযোগও আসবে।”
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে একই ধরনের কথা বলেছিলেন ব্যাটিং কোচ সিতানশু কোটাকও।
“আমি নিশ্চিত যে, সে তার প্রাপ্য সুযোগ পাবে। তবে শুধু তাকে সুযোগ দেওয়ার জন্য এমন কাউকে বাদ দেওয়া উচিত, যে ইতিমধ্যেই রান করে চলেছে। সেটাও ঠিক হবে না।”
“যদিও সিদ্ধা্তটি এটা টিম ম্যানেজমেন্টের ওপর নির্ভর করে... এই ম্যাচে আমরা কী করার পরিকল্পনা করছি। সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আমি মনে করি, কাউকে সুযোগ দেওয়ার চেষ্টা করা এবং অন্য কোনো খেলোয়াড়ের প্রতি অবিচার করার মধ্যে পার্থক্যটা খুবই সূক্ষ্ম।”
আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজে বা সামনে ইংল্যান্ড সফরে কোনো একটি পর্যায়ে মাঠে নামলেই সর্বকনিষ্ঠ ক্রিকেটারের রেকর্ডটি গড়ে ফেলবেন সুরিয়াভানশি। তবে এই ম্যাচে আরেকটি রেকর্ড গড়েছেন শ্রেয়াস।
এই ম্যাচের আগে ভারতের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন তিনি ২০২৩ সালের ডিসেম্বরে। এবার ফিরলেন সরাসরি অধিনায়ক হয়ে। মাঝের সময়টায় ভারত খেলেছে ৬৩টি টি-টোয়েন্টি। সবচেয়ে বেশি ম্যাচ বাইরে থেকে অধিনায়ক হিসেবে ফেরার রেকর্ডটি আগে ছিল টম ল্যাথামের। ৪৭ ম্যাচ পর নিউ জিল্যান্ডের অধিনায়ক হয়ে এই সংস্করণে ফিরেছিলেন তিনি।