১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভারতের নতুন অধিনায়ককে যে পরামর্শ দিলেন কাপিল ও শাস্ত্রি

শুবমান গিলের নেতৃত্বে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটে ভারতের নতুন অধ্যায়।

ভারতের নতুন অধিনায়ককে যে পরামর্শ দিলেন কাপিল ও শাস্ত্রি
শুবমান গিলের সামনে নতুন চ্যালেঞ্জ। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2025, 04:51 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

টেস্ট ক্রিকেট থেকে রোহিত শার্মা ও ভিরাট কোহলির অবসরের পর প্রথমবার সাদা পোশাকে খেলতে নামার অপেক্ষায় ভারত। শুবমান গিলের নেতৃত্বে শুরু হচ্ছে লাল বলে তাদের নতুন অধ্যায়। তার আগে নতুন অধিনায়ককে কিছু পরামর্শ দিয়েছেন দেশটির সাবেক দুই অলরাউন্ডার কাপিল দেব ও রাভি শাস্ত্রি।

গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফির মাঝপথে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অভিজ্ঞ স্পিনার রাভিচান্দ্রান অশ্বিন। গত মাসে আইপিএলের মাঝপথে পাঁচ দিনের ব্যবধানে টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দেন দুই তারকা ব্যাটসম্যান রোহিত ও কোহলি।

পরে রোহিতের উত্তরসূরি হিসেবে নতুন টেস্ট অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয় গিলকে। শুক্রবার লিডসে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যানের নেতৃত্বের পথচলা।

দিল্লিতে এক অনুষ্ঠানে কথা বলার সময় নতুন অধিনায়ক ও দলের জন্য শুভকামনা জানান কাপিল। কোনো চাপ না নিয়ে গিলকে স্বাধীনভাবে খেলার পরামর্শ দেন ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক।

“কোনো প্রত্যাশা নেই। স্রেফ মাঠে নামো, খেলো এবং নিজেকে মেলে ধরো। এটাই বেশি গুরুত্বপূর্ণ।”

“আমরা খুব গর্বিত। তাদের সকলের জন্য শুভকামনা জানাই। আশা করি, তারা জিতে ফিরে আসবে।”

২০০৭ সালের পর থেকে ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। অভিজ্ঞ ও পরীক্ষিত ক্রিকেটারদেরও কঠিন পরীক্ষা দিতে হয় ইংলিশ কন্ডিশনে।

গিলের টেস্ট ক্যারিয়ার বলা যায় কেবল শুরুর দিকে। ২০২০ সালে অভিষেক থেকে ৩২ টেস্টে ৩৫.০৫ গড়ে তার রান এক হাজার ৮৯৩। ইংল্যান্ডে তিন টেস্টে তার ব্যাটিং গড় স্রেফ ১৪.৬৬। 

নেতৃত্বের পাশাপাশি আরেকটি নতুন দায়িত্বও নিতে হবে তাকে। কোহলির রেখে যাওয়া চার নম্বরে ব্যাট করবেন তিনি প্রথমবার। সব মিলিয়ে তার কাছে প্রত্যাশা থাকবে অনেক বেশি। 

আইসিসি রিভিউয়ে ভারতের সাবেক কোচ শাস্ত্রি বললেন, কঠিন এই চ্যালেঞ্জে গিলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে ধৈর্য রাখা ও শান্ত থাকা।

“সহজ হবে না। তাকে কঠিন একটি কাজ দেওয়া হয়েছে, সেটা হলো ইংল্যান্ড সফরে ভারতের অধিনায়কত্ব করা।”

“কাজটা কখনই সহজ নয়, তবে আমি মনে করি, এই অভিজ্ঞতা থেকে শিখবে সে। গুজরাট টাইটান্সের হয়ে আইপিএলে যেমনটা দেখেছি, তাকে খুব আত্মবিশ্বাসী ও শান্ত বলে মনে হয়েছে আমার কাছে।”

ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের গত দুটি আসরে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছেন গিল।