১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সারা দিন টিকে থাকার চ‍্যালেঞ্জ শাহাদাত-জাকিরদের সামনে

মাহিদুল ইসলামের ৯৭ রানের পরও প্রথম ইনিংসে ২৩৯ রানে গুটিয়ে যাওয়া বাংলাদেশ ইমার্জিং দলের সামনে হার এড়ানোর লড়াই।

সারা দিন টিকে থাকার চ‍্যালেঞ্জ শাহাদাত-জাকিরদের সামনে
ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2026, 12:49 AM

Updated : 16 Sep 2026, 12:58 PM

মাহিদুল ইসলামের একার লড়াইয়ে ব‍্যবধান খুব একটা কমাতে পারল না বাংলাদেশ ইমার্জিং দল। সুযোগ থাকলেও ফলো-অন করাল না দক্ষিণ আফ্রিকা ইমার্জিং। দ্বিতীয় ইনিংসে দ্রুত কিছু রান করে সফরকারীদের ম‍্যাচ বাঁচানোর চ‍্যালেঞ্জ দিল তারা। 

পচেফস্ট্রুমে মঙ্গলবার দেখা গেছে তিনটি ইনিংস। ৩ উইকেটে ১৪৫ রান নিয়ে দিন শুরু করে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৩৯ রানে। 

২৮০ রানের লিড নিয়ে ব‍্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। ২৮.১ ওভারে ৪ উইকেটে ১৩০ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। এর আগে ৫ উইকেটে ৫১৯ রানে প্রথম ইনিংস ঘোষণা করে তারা।   

৪১১ রানের লক্ষ‍্য তাড়ায় ৫ ওভার ব‍্যাটিং করে বিনা উইকেটে ১৫ রানে দিন শেষ করে বাংলাদেশ। শাহাদাত হোসেন ৯ ও জাকির হাসান ৬ রানে অপরাজিত আছেন। 

জয়ের জন‍্য সফরকারীদের শেষ দিনে প্রয়োজন ৩৯৬ রান। প্রায় অসম্ভব রানের পেছনে ছোটার চেয়ে পুরো ৯০ ওভার কাটিয়ে দেওয়ার দিকেই হয়তো মনোযোগ দেবেন শাহাদাত, জাকির, মাহিদুলরা। 

এর আগে মাহিদুলের সঙ্গে আগের দিনের ৮১ রানের জুটিকে শতরানে নিয়ে যান ইফতেখার হোসেন ইফতি। ১১১ বলে ৫০ রান করে তিনি ফিরলে ভাঙে ১০২ রানের জুটি। 

এরপর আর তেমন কোনো জুটি গড়তে পারেনি সফরকারীরা। তারা শেষ ৭ উইকেট হারায় কেবল ৭৩ রানে। 

একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান মাহিদুল। অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তিনি করেন ৯৭ রান। তার ২২৪ বলের ইনিংসে ছিল আট চার ও একটি ছয়।

দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন ইয়ানকো স্মিট ও শালক এনগেলব্রেখট। 

বড় লিড নিয়ে ব‍্যাটিংয়ে নামা দক্ষিণ আফ্রিকা সপ্তম ওভারে হারায় প্রথম উইকেট। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান লিথেকো মদিরিকে দ্রুত ফেরান ইকবাল হোসেন ইমন।

দ্বিতীয় উইকেটে মুহাম্মদ মানাক ও ড্যানিয়েল স্মিথের জুটিতে আসে ৯৫ রান। এনামুল হকের বলে স্মিথ (৫৩ বলে ৮ চারে ৬০) ফিরলে ভাঙে জুটি। ৭৮ বলে তিন চার ও এক ছয়ে ৪৮ রানে অপরাজিত ছিলেন মানাক।

বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নেন ইকবাল।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ১ম ইনিংস: ৫১৯/৫ ডিক্লে.

বাংলাদেশ ইমার্জিং ১ম ইনিংস: ৯৩.৪ ওভারে ২৩৯ (আগের দিন ১৪৫/৩) (ইফতি ৫০, মাহিদুল ৯৭, আমিনুল ০, রিজওয়ান ১, নাঈম ১৫, আশরাফুল ৭*, এনামুল ১, ইকবাল ০; স্মিট ১৭-২-৬২-৩, মাজোলা ১৯-৭-৩৬-২, ৩৯-৮-৭৪-৩, সিমিলেন ৮.৪-২-২৮-২, সেলেকা ১০-১-৩৭-০)

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ২য় ইনিংস: ২৮.১ ওভারে ১৩০/৪ ডিক্লে. (লিথেকো ৬, মানাক ৪৮*, স্মিথ ৬০, ফন বুরেন ১, সেলেটসওয়েন ১৩; ইকবাল ৬.১-০-২৫-৩, আশরাফুল ১১-১-৪৬-০, নাঈম ৪-০-২৮-০, এনামুল ৭-০-২৯-১)

বাংলাদেশ ইমার্জিং দ্বিতীয় ইনিংস: (লক্ষ‍্য ৪১১) ৫ ওভারে ১৫/০ (শাহাদাত ৯*, জাকির ৬*; এনগেলব্রেখট ৩-০-৯-০, স্মিট ২-১-৬-০)