১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের অধিনায়ক শানাকা

অসুস্থতায় সিরিজটি থেকে ছিটকে গেছেন দলটির নিয়মিত অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

ত্রিদেশীয় সিরিজে লঙ্কানদের অধিনায়ক শানাকা
ত্রিদেশীয় সিরিজের ট্রফির সঙ্গে ফটোসেশনে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা (মাঝে), পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগার সঙ্গে দাসুন শানাকা (বাঁয়ে)। ছবি: এসএলসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 08:52 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

অসুস্থ হয়ে পাকিস্তান থেকে দেশে ফিরে গেছেন চারিথ আসালাঙ্কা। তাই ত্রিদেশীয় সিরিজে নিয়মিত অধিনায়ককে পাচ্ছে না শ্রীলঙ্কা। তার অনুপস্থিতিতে দলটির নেতৃত্বভার পেয়েছেন দাসুন শানাকা। 

পাকিস্তান, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে রাওয়ালপিন্ডিতে মঙ্গলবার শুরু হয়েছে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। অসুস্থতায় আসালাঙ্কার সঙ্গে দেশে ফিরে গেছেন লঙ্কান পেসার আসিথা ফার্নান্দোও।

আসালাঙ্কার নেতৃত্বে পাকিস্তানে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশড হয় শ্রীলঙ্কা। তিন ম্যাচের লড়াইয়ে খেলেছিলেন আসিথাও।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা পাভান রাত্নায়েকে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। টপ অর্ডার এই ব্যাটসম্যান স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩২ ম্যাচ খেলে ২৪৫ রান করেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান হাসারাঙ্গা। যার ফলে তৃতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। এই লেগ স্পিনিং অলরাউন্ডারের কাভার হিসেবে ত্রিদেশীয় সিরিজে ভিজেয়কান্থ ভিয়াসকান্থকে ডেকেছে শ্রীলঙ্কা। কাতার থেকে দলের সঙ্গে যোগ দেবেন এই লেগ স্পিনার, সেখানে শ্রীলঙ্কা ‘এ’ দলের হয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্সে খেলছেন তিনি।

২০২৩ সালে একমাত্র আন্তর্জাতিক ম্যাচটি খেলেছিলেন ভিয়াসকান্থ। এশিয়ান গেমসে আফগানিস্তানের বিপক্ষে ওই টি-টোয়েন্টিতে এক উইকেট নিয়েছিলেন তিনি। স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৫৯ ম্যাচ খেলে তার প্রাপ্তি ৬৭ উইকেট।

আগামী বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা।