দা হান্ড্রেডের নিলামে মুস্তাফিজ
ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্টের নিলামের জন্য নিবন্ধন করেছেন বাংলাদেশের মোট ২৩ জন ক্রিকেটার।
প্লেয়ার ড্রাফট থেকে বেরিয়ে নিলামের যুগে ঢুকতে যাচ্ছে দা হান্ড্রেড। প্রথমবারের মতো অনুষ্ঠেয় ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্টের নিলামের জন্য নিবন্ধন করেছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের তারকা পেসার আছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে।
নিলামের জন্য নিবন্ধন করা ৭১০ জনের একটি তালিকা শুক্রবার প্রকাশ করেছে দা হান্ড্রেড। যেখানে বাংলাদেশের ক্রিকেটার আছেন মোট ২৩ জন।
আগামী মার্চে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে দা হান্ড্রেডের নিলাম অনুষ্ঠান।
এক লাখ পাউন্ডের ভিত্তিমূল্যে আছেন মুস্তাফিজ। এই তালিকায় আরও আছেন ২৯জন ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ হাজার ভিত্তিমূল্যে বাংলাদেশের আছেন কেবল লেগ স্পিনার রিশাদ হোসেন।
বাংলাদেশের বাকি ২১ জন ক্রিকেটারেরই জায়গা হয়েছে ৩১ হাজার পাউন্ডের ভিত্তিমূল্যের ক্যাটেগরিতে। যেখানে আছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও তাইজুল ইসলাম, পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, নাহিদ রানা ও তানজিম হাসান, কিপার-ব্যাটসম্যান জাকের আলি ও লিটন দাস, স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ও মেহেদী হাসান মিরাজ, ব্যাটসম্যান তানজিদ হাসান, সাইফ হাসান, শামীম হোসেন, পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোহাম্মদ নাঈম শেখ, সাব্বির রহমান ও সৌম্য সরকার।
বেশ কিছুদিন ধরে খবরের শিরোনামে ছিলেন মুস্তাফিজ। তাকে গত নভেম্বর নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ নিলাম থেকে দলে নেয় আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ধর্মীয় কিছু গোষ্ঠীর প্রতিবাদের মুখে গত মাসের শুরুতে বাঁহাতি এই পেসারকে দল থেকে বাদ দিতে নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। পরে তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় কলকাতা।
এনিয়ে জল গড়ায় বহুদূর। নিরাপত্তা ঝুঁকির কথা বলে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। শেষ পর্যন্ত তাদেরকে বাদ নিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি।
যার প্রতিবাদ হিসেবে পরে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বর্জনের ঘোষণা দেয় পাকিস্তান। আইসিসির প্রচেষ্টায় সেই সিদ্ধান্ত থেকে সরেও আসে তারা। ম্যাচটিতে পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত।
আইপিএল থেকে বাদ পড়া মুস্তাফিজকে দলে টানার সুযোগটি লুফে নেয় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্স। নিলামের আগে ৬ কোটি ৮৮ লাখ পাকিস্তানি রুপিতে মুস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করে তারা।
এর আগে এই টুর্নামেন্টের ড্রাফটে নাম দিয়েছিলেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাসসহ বেশ কয়েকজন ক্রিকেটার। কিন্তু এখন পর্যন্ত এই টুর্নামেন্টে খেলেননি বাংলাদেশের কেউ।
দা হান্ড্রেডের নিলামের জন্য নিবন্ধন করেছেন সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হারিস রউফসহ পাকিস্তানের পঞ্চাশের বেশি ক্রিকেটার। কিন্তু তারা দল পাবেন কিনা এনিয়ে চলছে তুমুল আলোচনা। বিবিসির খবর, পাকিস্তানি ক্রিকেটারদের দলে নিতে আগ্রহ দেখাবে না দা হান্ড্রেডের ভারতীয় মালিকানাধীন দলগুলো।
দা হান্ড্রেডের আটটি দলের মধ্যে ছয়টির মালিকানাতেই অংশীদার আছেন ভারতীয়রা।
এখন পর্যন্ত এই টুর্নামেন্টের পাঁচ আসরে পাকিস্তানের মোট নয়জন ক্রিকেটার খেলেছেন। যার মধ্যে গত আসরে খেলেছেন দুইজন-মোহাম্মাদ আমির ও মোহাম্মাদ ওয়াসিম।
