১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ে কোচ হতাশ আউটের ধরন নিয়ে

পরের তিন দিনে ভুল শুধরে টেস্ট ম্যাচের জন্য ব্যাটসম্যানরা তৈরি হয়ে উঠবেন বলে আশা বাংলাদেশের কোচ ফিল সিমন্সের।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2026, 12:22 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ভয়াবহ ব্যাটিং ধসে হতাশা লুকালেন না ফিল সিমন্স। কোচ আঙুল তুললেন ব্যাটসম্যানদের আউট হওয়ার ধরনের দিকে। তবে তার আশা, ভুলগুলো নিয়ে কাজ করে টেস্ট ম্যাচের জন্য তৈরি হয়ে উঠবেন ব্যাটসম্যানরা। 

ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের ম্যাচটিতে বাংলাদেশ হেরে গেছে ইনিংস ও ৩৮ রানে। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে তারা স্রেফ ৫৪ রানেই। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার দলটিতে টেস্ট ক্রিকেটার ছিলেন মোটে দুজন। দলে আনকোরা ক্রিকেটারই ছিলেন বেশি। বোলিং লাইন আপে কেবল কোরি রকিচ্চলি ছাড়া বাকিরা রাজ্য দলেও খুব বেশি সুযোগ পান না। ২৫ রানে ৮ উইকেট নিয়ে বাংলাদেশকে বিধ্বস্ত করেছেন যিনি, সেই ক্যাম্পবেল থমসন প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন স্রেফ একটি! সেই দলের কাছে এমন হার টেস্টের আগে বড় বিপদের বার্তাই বটে। 

ডারউইনে গিয়ে দলের প্রস্তুতি পর্বে তিন দিনের অনুশীলন সেশনে খুশিই ছিলেন সিমন্স। কিন্তু প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সে হতাশা তিনি লুকালেন না। 

“যে তিন দিন আমরা পেয়েছিলাম, বেশ ভালো কিছু কাজ হয়েছে আমাদের। প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে আমরা নিজেদের হতাশ করেছি। যদি খেয়াল করে দেখেন যেভাবে আমরা আউট হয়েছি, ভালো কিছু ছিল না।”

তবে এই ম্যাচেই আশার শেষ দেখছেন না কোচ। বিসিবির ভিডিও বার্তায় বললেন, দলের ওপর তার আস্থা আছে। 

“টেস্ট ম্যাচে যথাযথভাবে যা করতে হবে, তা নিয়ে কাজ করার জন্য তিনটি দিন আছে আমাদের। ছেলেদের ওপর আমার বিশ্বাস আছে, টেস্ট ম্যাচে আমরা যেখানে থাকতে চাই, সেটির জন্য আগামী তিন দিনে সেই কাজগুলো ওরা করবে। হতাশাজননক ম্যাচ, তবে আমরা সামনে তাকাচ্ছি এবং টেস্ট ম্যাচের অপেক্ষায় আছি।”

টেস্ট ম্যাচের আগে বাকি আছে আর চার দিন। তবে বাংলাদেশের অনুশীলন সেশন বাকি তিনটি। ডারউইনে প্রথম টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।