Published : 13 Jul 2026, 12:02 AM
তিন বছর আগে সবশেষ ওয়ানডে খেলা জেসন হোল্ডারের ‘অবসর প্রসঙ্গে’ করা নিজের বক্তব্য সংশোধন করেছেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ কোচ জানিয়েছেন, ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর নেননি এই অলরাউন্ডার, আছেন অনির্দিষ্টকালের বিরতিতে।
‘দা স্কুপ এক্সটেন্ডেড’ পডকাস্টের বিশেষ একটি পর্বে স্যামি বলেন, ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন হোল্ডার। ২০২৩ সালের বিশ্বকাপ বাছাইয়ের পর কোনো ওয়ানডে না খেলা এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে করা প্রশ্নের উত্তরে এই কথা জানান কোচ।
আরও বলেন, টি-টোয়েন্টিতে নিয়মিত খেলা এই বোলিং অলরাউন্ডার টেস্টের জন্যও বিবেচনায় আছেন। যদিও, ২০২৪ সালের অগাস্টের পর থেকে লাল বলের ক্রিকেট থেকেও দূরে আছেন তিনি। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের মাঝে হোল্ডার কখন সময় দেবেন এবং কোথায় খেলানো হবে, এর ওপর তার টেস্ট দলে ফেরার ব্যাপারটি নির্ভর করছে।
৩৪ বছর বয়সী হোল্ডারের ভবিষ্যত নিয়ে ভুল তথ্য দেওয়ার পর, রোববার উইজডেনের সঙ্গে যোগাযোগ করে বক্তব্যের সংশোধনী দেন স্যামি। পাশাপাশি হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ও সমর্থকদের কাছে ক্ষমা চান তিনি।
“সম্প্রতি দা স্কুপে জেসন হোল্ডারের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে যা বলেছি, সেটা সংশোধন করতে চাই।”
“টি-টোয়েন্টি ছাড়া জেসনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে প্রশ্নের উত্তরে ভুলবশত বলেছি, ওয়ানডে ক্রিকেট থেকে সে অবসর নিয়েছে। আমার শব্দ চয়নে ভুল ছিল। এতে তৈরি হওয়ার বিভ্রান্তির কারণে জেসন, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও আমাদের সমর্থকদের কাছে আমি ক্ষমাপ্রার্থী।”
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোল্ডারের নিয়মিত যোগাযোগ আছে বলেও জানান স্যামি।
“প্রকৃত ব্যাপার হলো, জেসন ওয়ানডে থেকে অনির্দিষ্টকালের বিরতিতে আছে। এই সংস্করণ থেকে বিদায় নেয়নি। ওয়েস্ট ইন্ডিজ দলে নির্বাচিত হওয়ার জন্য সে বিবেচনায়ও আছেন। সে এখনও আমাদের গুরুত্বপুর্ণ খেলোয়াড়। আন্তর্জাতিক ক্রিকেটে সব সংস্করণের জন্য ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।”