১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে বাংলাদেশের টেস্টের রোমাঞ্চ

শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের হারারে টেস্ট, বাংলাদেশের একাদশে দেখা যেতে পারে নবীন দু-একজনকে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2026, 07:58 AM

Updated : 11 Sep 2026, 03:31 PM

রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় শীতের পোশাকে ‘ওয়ার্ম আপ’ করছে বাংলাদেশ। সবার চোখেমুখে বেশ খুশির রেশ। সামাজিক মাধ্যমে বিসিবির দেওয়া ভিডিওতে দলের প্রস্তুতির চুম্বকাংশ দেখে আভাস মিলছিল, সবাই বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছেন। সাম্প্রতিক পারফরম্যান্সের আত্মবিশ্বাস তো আছেই। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর কথায় তা স্পষ্ট হয়ে উঠেছে আরও বেশি। অপেক্ষা এখন মাঠের ক্রিকেটে তা মেলে ধরার। 

এমনিতে ফুটবল বিশ্বকাপের উত্তেজনা এখন তুঙ্গে। গ্রুপ পর্বের লড়াই শেষে দ্বিতীয় রাউন্ডের লড়াইও শুরু হয়ে যাচ্ছে। তবে ক্রিকেট তো আর থেমে থাকবে না। উইমেন’স টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। ক্রিকেট বিশ্বের নানা প্রান্তে চলছে দ্বিপাক্ষিক সিরিজ। বাংলাদেশও কদিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে সীমিত ওভারের সিরিজ। এবার সেই চেনা প্রতিপক্ষ জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হচ্ছে টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় রোববার দুপুর দেড়টায় শুরু হবে টেস্ট ম্যাচটি। 

পাঁচ বছর পর ফের এই মাঠে টেস্ট দল খেলবে দুই দল। ওই ম্যাচের পর আর একটি টেস্টই হয়েছে এই মাঠে। গত বছর আফগানিস্তানকে আতিথ্য দিয়েছিল স্বাগতিকরা।

সম্প্রতি লাল বলে যেভাবে আলো ছড়িয়েছে বাংলাদেশ, তাতে দলের সবার মধ্যে আছে বাড়তি আত্মবিশ্বাস। সেই জেরে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দাপুটে পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা দেখার অপেক্ষায় সবাই।

এই ম্যাচটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়। ফলে নিয়মিত বেশ কয়েকজনকে বিশ্রামে রেখে নতুনদের পরখ করে দেখার সুযোগ কাজে লাগাচ্ছে বাংলাদেশ।

এই ম্যাচের দলে পরিবর্তনটা এসেছে মূলত বোলিং বিভাগে। তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরিফুল ইসলামকে রাখা হয়েছে বিশ্রামে। বদলি হিসেবে খালেদ আহমেদ ও হাসান মাহমুদের সঙ্গে প্রথমবার ডাক পেয়েছেন রবিউল হক। ইবাদত হোসেন সবশেষ ম্যাচে দলের সঙ্গে ছিলেন।

এছাড়া সহ-অধিনায়ক মেহেদি হাসান মিরাজকেও রাখা হয়েছে বিশ্রামে। আর ব্যাটিং অর্ডারে লিটন দাসের চোটে শেষ মুহূর্তে জিম্বাবুয়ের বিমান ধরেছেন মাহিদুল ইসলাম অঙ্কন। টেস্ট অভিষেকের হাতছানি আছে অমিত হাসান ও তাওহিদ হৃদয়ের। 

পেস বোলিংয়ে ইউনিট খোলনলচে বদলে ফেলা বাংলাদেশের জন্য খানিকটা চ্যালেঞ্জ হতে পারে আবহাওয়া। ঢাকা-সিলেটে তীব্র গরমে খেলে এখন মাঠে নামবে ২০-২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। খানিকটা শীতের আবহে খেলবে টেস্ট ম্যাচ।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে মাঠে নামতে প্রস্তুত পুরো দল।

“আমরা বেশ কিছু খেলোয়াড় কয়েকদিন আগে এসেছি। ওই (কন্ডিশনের সঙ্গে) বেশ ভালোভাবেই মানিয়ে নিয়েছি। ম্যাচের জন্য এখন পুরোপুরিভাবে প্রস্তুত। কিছু খেলোয়াড় পরে এসেছে। ওরাও গত কয়েকদিনের অনুশীলনে অনেকটাই মানিয়ে নিয়েছি। ম্যাচে মানিয়ে নিতে খুব বেশি একটা সমস্যা হবে না।”

পেশাদার ক্রিকেটে কন্ডিশনের সঙ্গে দ্রুততম সময়ে মানিয়ে নেওয়াটাই ক্রিকেটারদের কাজ। এছাড়া প্রতিপক্ষের মাঠে উইকেট কেমন হচ্ছে, সেটাও থাকে চিন্তার বড় অংশজুড়ে। সবকিছু মিলিয়ে অধিনায়ক বললেন, প্রস্তুতি ভালো এবং আগের সিরিজগুলোর ধারাবাহিকতা থাকবে জিম্বাবুয়েতেও।

“আমরা ভালো প্রস্তুতি নিতে পেরেছি। এখানে যতটুকু সুবিধা ছিল, এর মধ্য দিয়ে সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। সবাই আত্মবিশ্বাসী আছে। গত কয়েকটা সিরিজ আমরা ভালো ক্রিকেট খেলছি। আমার বিশ্বাস এই টেস্ট ম্যাচে আমরা ভালো কিছু করতে পারব।”

ইতোমধ্যেই মুশফিকুর রহিমকে ছাড়িয়ে ৮ টেস্ট জিতে বাংলাদেশের সফলতম টেস্ট অধিনায়ক হয়ে গেছেন শান্ত। এর মধ্যে শেষ চারটিই এসেছে আবার শেষ চার ম্যাচে। এখন সুযোগ টানা ৫ম টেস্ট জয়ের সুযোগ। এর আগে ২০২৩ সালে সর্বোচ্চ টানা তিন টেস্ট জিতেছিল বাংলাদেশ। তাই অধিনায়কের দৃষ্টিতে শুধুই টেস্ট জয়। 

“ম্যাচটা জিততে চাই এবং ভালো ক্রিকেট খেলতে চাই।”

জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ জিতেই তৃপ্ত থাকতে চান না সেটাও স্পষ্ট তার কথায়। তার দৃষ্টি আছে পরের অস্ট্রেলিয়া সফরে। সেখানে স্বা বিপক্ষে দুই টেস্ট খেলবে তার দল। 

“এই সিরিজের পরে আমাদের বেশ কিছু অ্যাওয়ে সিরিজ আছে। এই সিরিজে কত ভালো ক্রিকেট খেলতে পারছি, এটা জরুরি। ব্যাটসম্যান এবং বোলাররা এখানে যদি ভালো করতে পারে, এটা সামনের সিরিজগুলোর জন্য কাজে আসবে। (জিম্বাবুয়ের বিপক্ষে) লক্ষ্য থাকবে কতো ভালো ক্রিকেট আমরা খেলতে পারি।”

সাদা পোশাকে দুই দলের ২০ লড়াইয়ে ৯টিতে জিতেছে বাংলাদেশ, ৮টি জিম্বাবুয়ে। বাকি তিনটি হয়েছে ড্র। তবে সবশেষ পাঁচ টেস্টের চার জয় বলে দিচ্ছে, সাম্প্রতিক সময়ে এগিয়ে বাংলাদেশই।