Published : 14 Sep 2026, 01:12 PM
সিরিজের মাঝপথেই জায়গা হারাতে হয়েছে পাকিস্তান টেস্ট দলে। যেভাবে দেশে ফেরত পাঠানো হয়েছে, যথেষ্টই বিব্রতকর তা। তবে ফেরার দাবি জানাতে একদমই সময় নিলেন না সালমান আলি আগা। দেশে ফিরেই প্রথম শ্রেণির ক্রিকেটে প্রথম ম্যাচটিতে তার ব্যাট থেকে এলো আগ্রাসী এক ট্রিপল সেঞ্চুরি। এই ইনিংসকে ক্যারিয়ারের স্মরণীয় এক মাইলফলক বলছেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
প্রেসিডেন্ট’স ট্রফি গ্রেড ১-এ হায়দরাবাদ কিংসমেন একাডেমির হয়ে ইনিংসটি খেলেন সালমান। মারখোর আইটি সলিউশন্সের বিপক্ষে পাঁচ নম্বরে নেমে ৩৩৬ বলে ৩০০ রানে অপরাজিত থাকেন তিনি। ৪২ চার ও ৬টি ছক্কা ছিল তার ইনিংসে।
ইনিংসটি এমন এক সময়ে খেললেন, তার ক্যারিয়ার যখন ছিল টালমাটাল। সম্প্রতি ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে চোটের কারণে বাবর আজম না থাকায় পাকিস্তানকে নেতৃত্ব দেন সালমান। সেই টেস্টে ভালো করতে পারেননি তিনি, বাজেভাবে হারে দল। পরের টেস্টে তিনি একাদশে জায়গা হারান। ওই টেস্টে পাকিস্তানের আরেকটি পরাজয়ের পর প্রধান কোচ, বোলিং কোচ ও সাত ক্রিকেটারকে দেশে ফেরত পাঠিয়ে দেয় বোর্ড, সেখানে ছিলেন সালমানও।
দেশে ফেরার পর এটিই ছিল সালমানের প্রথম ম্যাচ। অ্যাবোটাবাদে ম্যাচের প্রথম দিনে যখন তিনি ক্রিজে যান, ৭২ রানে ৩ উইকেট হারিয়ে হায়দরাবাদ তখন খানিকটা বিপদে। সেখান থেকে মোহাম্মাদ সুলেমানের সঙ্গে জুটিতে এগিয়ে নেন দলকে। প্রথম দিন শেষে অপরাজিত থাকেন তিনি ১০১ রানে।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে সালমানের আগের সর্বোচ্চ ছিল ১৬৯। ম্যাচের দ্বিতীয় দিনে সেই স্কোর ছাড়িয়ে প্রথম ডাবল সেঞ্চুরি করে ইনিংসটিকে টেনে নেন তিনশকে।
১১৫ রানে আউট হওয়া সুলেমানের সঙ্গে তার জুটি ছিল ২৭৪ রানের। পরে অন্য ব্যাটসম্যানদের নিয়ে সালমান পৌঁছে যান কাঙ্ক্ষিত মাইলফলকে।
তিনি ট্রিপল সেঞ্চুরি ছোঁয়ার পরই দল ইনিংস ঘোষণা করে ৭ উইকেটে ৫৬৫ রানে।
টেস্টে সালমানের সবশেষ সেঞ্চুরিটি ২৫ ইনিংস আগে। সবশেষ আট ইনিংসে তার ফিফটি একটি। দল থেকে বাদ পড়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ করে ৩২ বছর বয়সী ক্রিকেটার বললেন, ব্যাটিংয়ে কিছু বদল এনে তিনি ফল পেয়েছেন এই ইনিংসে।
“বেশ ভালো লাগছে। কারণ এসব মাইলফলক বারবার আসে না। জীবনে একবারই এসব হয়। বেশ আনন্দ লাগছে।”
“আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েকটি সিরিজে আমার ফর্ম আশানুরূপ ছিল না। ফর্ম ফিরে পেতে কখনও কখনও কিছু পরিবর্তন আনা খুব সহায়ক হতে পারে। আমিও আমার ব্যাটিংয়ে সামান্য পরিবর্তন এনেছি, যা আমাকে অনেক সাহায্য করেছে...।”