১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহারাজকে নিয়ে ইংল্যান্ডে যাচ্ছে দ.আফ্রিকা

অভিজ্ঞ বাঁহাতি স্পিনারের সঙ্গে টি-টোয়েন্টি দলে ফিরেছেন মার্কো ইয়ানসেন, ডেভিড মিলার ও লিজাড উইলিয়ামস।

মহারাজকে নিয়ে ইংল্যান্ডে যাচ্ছে দ.আফ্রিকা
সতীর্থদের সঙ্গে উদযাপন করছেন কেশাভ মহারাজ (বাঁয়ে)। ছবি: আইসিসি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 10:10 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

সবশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়া কেশাভ মহারাজকে এই সংস্করণের দলে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞ এই স্পিনারের সঙ্গে ডাক পেয়েছেন ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, লিজাড উইলিয়ামসনও। 

ইংল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য শনিবার আলাদা দুটি দল দিয়েছে দক্ষিণ আফ্রিকা।

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ও চলমান অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দলে ছিলেন না মহারাজ। এই সংস্করণের দলে ফেরা বাঁহাতি স্পিনার অনুমিতভাবেই আছেন ওয়ানডে দলে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাওয়া চোটের জন্য ইয়ানসেনের বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচার করাতে হয়েছিল। এখন সেরে উঠেছেন বাঁহাতি পেসার। টি-টোয়েন্টিতে থাকলেও ওয়ানডে দলে জায়গা হয়নি তার।

কনুইয়ে চোটের জন্য শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হয়েছিল উইলিয়ামসকে। ২০২৪ সালের অক্টোবরের পর প্রথমবার দক্ষিণ আফ্রিকার কোনো দলে ডাক পেলেন এই পেসার। 

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য অনুমতি নিয়েছিলেন মিলার। তাই অস্ট্রেলিয়া সফরে যাননি তিনি। এখন ইংল্যান্ডেই আছেন বিস্ফোরক ব্যাটসম্যান, দা হান্ড্রেডে খেলছেন নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে।

মিলারের মতো দা হান্ড্রেডে খেলা অফ স্পিনিং অলরাউন্ডার ডোনোভান ফেরেইরাকে টি-টোয়েন্টি দলে ফিরিয়েছে দক্ষিণ আফ্রিকা। ওভাল ইনভিন্সিবলসের প্রতিনিধিত্ব করছেন তিনি।

অস্ট্রেলিয়া সফরের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন ব্যাটসম্যান রাসি ফন ডার ডাসেন, বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডা ও লেগ স্পিনার পিটার। ওয়ানডে অভিষেকেই বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়া অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েনকে দলে রাখেনি প্রোটিয়ারা।

অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দল নিয়েই ইংল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। এরই মধ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই ওয়ানডে জিতে তিন ম্যাচের সিরিজটি নিশ্চিত করেছে তারা।

অ্যাঙ্কেলের চোটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেও ইংল্যান্ডের সফরের দলে আছেন কাগিসো রাবাদা। তার কাভার হিসেবে কোয়েনা মাফাকাকে ওয়ানডে দলে ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা।

ইংল্যান্ডে আগামী ২ সেপ্টেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। তিন ম্যাচ সিরিজের শেষ দুটি ৪ ও ৭ সেপ্টেম্বর। দুই দলের তিনটি টি-টোয়েন্টি মাঠে গড়াবে ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।

দক্ষিণ আফ্রিকার ওয়ানডে স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জোর্জি, কেশাভ মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মার্করাম, ভিয়ান মুলডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস।

দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি স্কোয়াড: এইডেন মার্করাম (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, ডোনোভান ফেরেইরা, মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, কোয়েনা মাফাকা, ডেভিড মিলার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, লিজাড উইলিয়ামস।