১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আশরাফুল ব্যাটিং কোচ হওয়ার পর সালাউদ্দিনের ভূমিকা যেমন

সিনিয়র সহকারী কোচ হলেও মূলত ব্যাটিং কোচের কাজই করছিলেন সালাউদ্দিন, যে দায়িত্বটি চলতি আয়ারল্যান্ড সিরিজে পালন করছেন আশরাফুল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2025, 09:15 PM

Updated : 26 Aug 2026, 05:10 PM

মোহাম্মদ সালাউদ্দিনের পদবী সিনিয়র সহকারী কোচ। কিন্তু কাজটা কেমন? আয়ারল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের আগেও তিনি মূলত ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছিলেন। কিন্তু এই সিরিজে সেই দায়িত্ব নিয়েই এসেছেন মোহাম্মদ আশরাফুল। সালাউদ্দিনের কাজের পরিধি বা সুনির্দিষ্ট ভূমিকা নিয়ে কেমন, তা ছিল সংশয়। একসঙ্গে কিছুদিন কাজ করার পর এবার তা খোলাসা করার চেষ্টা করলেন আশরাফুল।

অনেকটা আচমকাই আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের ব্যাটিং কোচ করা হয় আশরাফুলকে। যে দায়িত্বটা বেশ কিছুদিন ধরেই দেখভাল করছিলেন সালাউদ্দিন। হঠাৎ এই পরিবর্তনে গুঞ্জনও শুরু হয়ে যায়, সালাউদ্দিনের কাজে সন্তুষ্ট নয় বোর্ড।

সেই গুঞ্জনের পালে আরও জোর হাওয়া লাগে সালাউদ্দিন পদত্যাগপত্র জমা দিলে। চুক্তির এক বছর বাকি থাকলেও এই সিরিজ শেষেই দায়িত্ব ছাড়তে চান তিনি। 

এই সিরিজে দলের নেট অনুশীলনের প্রথম দিন থেকেই দেখা গেছে, আশরাফুল কখনও ব্যাটারদের থ্রো-ডাউন করছেন, কখনও দিচ্ছেন টিপস। যে কাজগুলো আগের সিরিজে সালাউদ্দিনই করতেন কমবেশি। আশরাফুল ও সালাউদ্দিন ভাগাভাগি করেই এসব করছেন। কখনও আবার দুজনই একসঙ্গে ব্যাটারদের নিয়ে কাজ করছেন।

মিরপুর টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে আশরাফুল বললেন, সালাউদ্দিনের সঙ্গে তার রসায়ন জমে গেছে বেশ। সিনিয়র এই কোচের কাছ থেকে সহায়তা নেওয়ার কথাও বলছেন জাতীয় দলে প্রথমবার কোচিং করানো সাবেক এই অধিনায়ক।

‘‘এই সিরিজে আমি ব্যাটিং কোচ হিসেবে কাজ করছি। সালাউদ্দিন ভাই সিনিয়র সহকারী কোচ। আমাকে কাজের জায়গাটা উনি দিয়েছেন। আমি ব্যাটিং কোচ হিসেবে এসেছি, কিন্তু উনার সঙ্গে আমার সম্পর্ক আগে থেকেই ভালো। তাই আমি যে কাজটা করার চেষ্টা করি, আমার অভিজ্ঞতা থেকে যদি কোনো খেলোয়াড়কে কিছু বলতে হয়, আমি সাধারণত সালাউদ্দিন ভাইয়ের মাধ্যমে যাই।’’

‘‘উনি দলের সঙ্গে শেষ গত বছর ধরে আছেন এবং বেশিরভাগ ক্রিকেটারই উনার সঙ্গে কাজ করেন। আমি কোচিংয়ে আসলে নতুন। তাই আমি চেষ্টা করি, যদি কোনো খেলোয়াড়কে নির্দেশনা দিতে হয়, উনাকে ডেকে আমি আমার অভিজ্ঞতা ভাগ করি এবং উনি সেটি খেলোয়াড়দের কাছে পৌঁছে দেন। এভাবেই আসলে এক-একটা কাজ করার চেষ্টা করছি আমরা।’’