Published : 01 Sep 2026, 08:55 PM
পাকিস্তান ক্রিকেট আর বিতর্ক যেন সমার্থক শব্দ। এবার ইংল্যান্ড সফরের মাঝপথে পাকিস্তানের টেস্ট স্কোয়াড ও টিম ম্যানেজমেন্টে ব্যাপক রদবদল নিয়ে সমালোচনার ঝড় উঠেছে দেশটির ক্রিকেটে। এমন সিদ্ধান্তের পেছনে কোনো যুক্তি খুঁজে পাচ্ছেন না সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি। তার মতে, নির্বাচক কমিটির নেওয়া এখন পর্যন্ত সবচেয়ে হতবাক করা সিদ্ধান্ত এটিই।
ইংল্যান্ডে চলমান তিন ম্যাচের সিরিজের প্রথম দুই টেস্টে শোচনীয়ভাবে হারের পর, পাকিস্তান দল থেকে সাত জন খেলোয়াড়কে বাদ দেওয়া হয়েছে। তাদের জায়গায় যে সাত জনকে দলে নেওয়া হয়েছে, এর মধ্যে পাঁচ জনই টেস্ট অভিষেকের অপেক্ষায় আছেন।
এছাড়া ৯ সেপ্টেম্বর এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টের আগে প্রধান কোচ সারফারাজ আহমেদ ও বোলিং কোচ উমার গুলকে অব্যাহতি দেওয়া হয়েছে। সাদা বলের দলের প্রধান কোচ মাইক হেসন ও বোলিং কোচ অ্যাশলি নফকে টেস্ট দলের কোচিং স্টাফে যোগ দিয়েছেন।
এসব সিদ্ধান্ত নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন ৪৬ বছর বয়সী আফ্রিদি।
“এই সিদ্ধান্তের পেছনের যুক্তি বা কারণ কী, তা ঠিক বুঝতে পারছি না আমি। এমনকি এই বদলিগুলোরও কোনো মানে হয় না - ইংল্যান্ডে একটি টেস্ট ম্যাচের জন্য টি-টোয়েন্টি খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করা হয়েছে? এটি কেমন চিন্তাভাবনা এবং পদ্ধতি? পাঁচটি টেস্ট ম্যাচের পরই কেন কোচকে বরখাস্ত করা হলো?”
“এতজন অভিজ্ঞ নির্বাচক নিয়ে গঠিত একটি নির্বাচক কমিটির নেওয়া এখন পর্যন্ত সবচেয়ে বিস্ময়কর সিদ্ধান্ত এটি।”
বাদ পড়া সাত জনের মধ্যে মোহাম্মাদ রিজওয়ান, ইমাম-উল-হাক, সালমান আলি আগা, আলি উসমান ও খুররাম শাহজাদ সিরিজে খেলার সুযোগ পেয়েছেন। আমের জামাল ও আওয়াইস জাফার কোনো ম্যাচ না খেলে দেশে ফিরছেন।
দলে নেওয়া হয়েছে আরাফাত মিনহাস, মোহাম্মাদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মাদ ইমরান, রাজাউল্লাহ, সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফাজালকে। এর মধ্যে কেবল সাইম ও ফাজালের টেস্ট খেলা অভিজ্ঞতা আছে। মোহাম্মাদ ইমরান, রাজাউল্লাহ, সাদ বেগ, মোহাম্মাদ ইমরান জুনিয়র এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদই পাননি। দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন আরাফাত মিনহাস।
পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান রামিজ রাজা বিবিসি রেডিও ৫ লাইভকে বলেছেন, “আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে, সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে তা নয়।
“এটিই তুলে ধরে যে, পাকিস্তান ক্রিকেট আতঙ্কিত হয়ে পড়েছে।”