নিউ জিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
Published : 21 Nov 2025, 03:38 PM
লম্বা সময় পর টেস্ট খেলার হাতছানি কেমার রোচ ও কেভাম হজের সামনে। দুইজনকেই নিউ জিল্যান্ড সফরের দলে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ওজে শিল্ডস।
তিন ম্যাচের সিরিজটির জন্য শুক্রবার ১৫ জনের দিল দিয়েছে ক্যারিবিয়ানরা। চোট থেকে সেরে না ওঠায় এখনও দলের বাইরে দুই পেসার শামার জোসেফ ও আলজারি জোসেফ।
গত জানুয়ারিতে পাকিস্তান সফরের মুলতান টেস্টে এই সংস্করণে সবশেষ খেলেন রোচ ও হজ। এখন পর্যন্ত ৮৫ টেস্ট খেলে ২৮৪ উইকেট নিয়েছেন অভিজ্ঞ পেসার রোচ। বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার হজের ১১ টেস্টে রান ৫৫৬। এখন পর্যন্ত ৬ ইনিংসে বোলিং করে উইকেট নিয়েছেন দুটি।
নতুন মুখ শিল্ডস প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬ ম্যাচ খেলেছেন। ২৯ বছর বয়সী পেসারের এই সংস্করণে শিকার ৩৪টি।
বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার খ্যারি পিয়ের। গত অক্টোবরে টেস্ট অভিষেক হয় তার। ভারতের বিপক্ষে দুই ম্যাচে স্রেফ একটি উইকেট নিতে পারেন তিনি।
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের এই সিরিজটি শুরু আগামী ২ ডিসেম্বর, ক্রাইস্টচার্চে। পরের দুই ম্যাচ ওয়েলিংটন ও মাউন্ট মঙ্গানুইয়ে, যথাক্রমে শুরু ১০ ও ১৮ ডিসেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: রোস্টন চেইস (অধিনায়ক), জোমেল ওয়ারিক্যান (সহ-অধিনায়ক), আলিক আথানেজ, জন ক্যাম্পবেল, তেজনারাইন চান্দারপল, জাস্টিন গ্রেভস, কাভেম হজ, শেই হোপ, টেভিন ইমলাক, ব্র্যান্ডন কিং, জোহান লেইন, অ্যান্ডারসন ফিলিপ, কেমার রোচ, জেডেন সিলস, ওজে শিল্ডস।