Published : 03 Aug 2026, 02:15 PM
বড় চোট ও অস্ত্রোপচারের পর থেকে ধার ও ধারাবাহিকতা, দুটিই কিছুটা হারিয়ে ফেলেছিলেন রাশিদ খান। এবারের দা হান্ড্রেড টুর্নামেন্টের শুরুটাও তার ভালো হয়নি। প্রথম চার ম্যাচে উইকেট নিতে পেরেছিলেন স্রেফ দুটি। সেই হতাশা পেরিয়ে এবার জ্বলে উঠলেন টি-টোয়েন্টি ইতিহাসের সফলতম বোলার। দীর্ঘ খরা কাটিয়ে ৫ উইকেটের স্বাদও পেলেন আবার।
এমআই লন্ডনের হয়ে রোববার ম্যানচেস্টার সুপার জায়ান্টসের বিপক্ষে ২০ বল করে ১৭ রানে ৫ উইকেট শিকার করেন রাশিদ।
১০০ বলের ক্রিকেট আসর হলেও দা হান্ড্রেডকে আনুষ্ঠানিক রেকর্ডে টি-টোয়েন্টি হিসেবেই বিবেচনা করা হয়।
এই টুর্নামেন্টে রাশিদ ৫ উইকেট পেলেন প্রথমবার। টি-টোয়েন্টি ক্রিকেটে তার এটি পঞ্চম ৫ উইকেট। সবশেষটি ছিল ২০২২ সালের জানুয়ারি। বিগ ব্যাশে অ্যাডিলেইড স্ট্রাইকার্সের হয়ে ১৭ রানে ৬ উইকেট শিকার করেছিলেন ব্রিজবেন হিটের বিপক্ষে। তার ক্যারিয়ার সেরা বোলিং সেটি।
ওই ম্যাচ থেকে এবারের ম্যাচের আগ পর্যন্ত পেরিয়ে গেছে ২৪৬ ম্যাচ। এই সময়টায় উইকেট নিয়েছেন তিনি ৩১১টি। ম্যাচে ৪ উইকেট নিয়েছেন ১২ বার। কিন্তু ৫ উইকেট ছিল অধরা। এবার সেই ধারার অবসান হলো।
ওভালে এই ম্যাচে টিম সাইফার্টকে বোল্ড করে রাশিদ শুরু করেন তার অভিযান। এরপর জস বাটলার ও হাইরিখ ক্লসেনের মতো অভিজ্ঞ ও বিপজ্জনক দুই ব্যাটারকেও বিদায় করেন। তার চতুর্থ শিকার ছিল টম মুরস। পরে লিয়াম ডসনকে বোল্ড করে পূর্ণ করেন ৫ উইকেট।
এই ম্যাচে উইল জ্যাকসের ৩১ বলে ৬২, নিকোলাস পুরানের ২৮ বলে ৫৪ ও স্যাম কারানের ১১ বলে ২৩ রানের ইনিংসে ১০০ বলে ১৮৩ রান তোলে এমআই লন্ডন। ম্যানচেস্টার সুপার জায়ান্টসের এইডেন মার্করাম ২৬ বলে ৫০ করলেও রাশিদের সামনে ভেঙে পড়ে বাকি ব্যাটিং লাইন আপ।
দা হান্ড্রেড টুর্নামেন্টের সব আসর মিলিয়ে ৫ উইকেট শিকারি তৃতীয় স্পিনার রাশিদ। আগের দুজনও ছিলেন লেগ স্পিনার। ২০২১ আসরে বার্মিংহাম ফিনিক্সের হয়ে ২৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন ইমরান তাহির। ২০২৩ সালে ম্যানচেস্টার অরিজিনালসের ক্যালনি হ্যারিসন নিয়েছিলেন ১১ রানে ৫ উইকেট। পেস-স্পিন মিলিয়েই হান্ড্রেডে সেরা বোলিংয়ের রেকর্ড সেটি।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৭০০ উইকেট শিকারি একমাত্র বোলার রাশিদ। ৫৪৭ ম্যাচে তার উইকেট এখন ৭৩৬টি। ৬০৭ ম্যাচে ৬৪৬ উইকেট নিয়ে দুইয়ে সুনিল নারাইন। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেটে তিনে ডোয়াইন ব্রাভো।