Published : 08 Sep 2025, 02:12 AM
দারুণ ফর্ম ধরে রেখে আরেকটি পঞ্চাশোর্ধ ইনিংস খেললেন রিজান হোসেন। ফিফটির দেখা পেলেন রিফাত বেগও। শেষ দিকে আল ফাহাদের ক্যামিওতে পুঁজি ভালোই হলো। কিন্তু বোলিং এবার ভালো হলো না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। ইসাক মোহাম্মেদের চমৎকার সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল।
পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। প্রথমটি ৮৭ রানে জিতেছিল তারা।
ইংল্যান্ডের জয়ের নায়ক ইসাক, যিনি সাবেক ইংলিশ অলরাউন্ডার মইন আলির ভাগ্নে। ৯ ছক্কা ও ৬ চারে ৯৫ বলে ১০৪ রানের ইনিংস দারুণ খেলেন ১৭ বছর বয়সী এই কিশোর ব্যাটসম্যান। প্রথম ম্যাচে ৭ ছক্কা ও ৪টি চারে ৫৩ বলে ৭৫ রান করেছিলেন তিনি।
লাফবোরোয় রোববার বৃষ্টির কারণে ৪৭ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ করে ২৭২ রান। ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ড লক্ষ্য পায় ২৭১ রানের। ২৩ বল বাকি থাকতে জয়ের ঠিকানায় পৌঁছে যায় স্বাগতিকরা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেন রিজান। তার ৫৭ বলের ইনিংসটি গড়া ৭ চার ও এক ছক্কায়। গত মাসে জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৯৫ রানের পর এই সিরিজের প্রথম ম্যাচে ১০০ রান করেছিলেন তিনি। মাঝে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ফিফটি করেছিলেন ১৮ বছর বয়সী এই ব্যাটসম্যান।
ওপেনার রিফাত ৫ চার ও ৩ ছক্কায় করেন ৫২ বলে ৫১ রান। ৪৪ বলে ৪১ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। ১০ নম্বরে নেমে ২২ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন ফাহাদ।
ইংল্যান্ডের হয়ে ইসাকের সেঞ্চুরি ছাড়া আরেক ওপেনার জোসেফ মুরস করেন ৩৪ বলে ৪৭ রান।
প্রথম ম্যাচে ৪ উইকেট নেওয়া সামিউর বশির এ দিনও বাংলাদেশের সফলতম বোলার। ৩৫ রানে ৩ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।
ব্রিস্টলে আগামী বুধবার হবে তৃতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ৪৭ ওভারে ২৭২/৯ (জাওয়াদ ১০, রিফাত ৫১, আজিজুল ৪১, কালাম ৪, রিজান ৫৭, আবদুল্লাহ ১৭, শাহরিয়ার ১৭, সামিউন ৬, আল আমিন ৮, ফাহাদ ২৫*, স্বাধীন ২*; ফিরব্যাঙ্ক ৮-০-৫৬-১, মিন্টো ১০-০-৪৮-৩, আলবার্ট ১০-০-৫১-১, লুমসডেন ৫-০-১৯-২, নেলসন ৮-০-৩৯-২)
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: (৪৭ ওভারে লক্ষ্য ২৭১) ৪৩.১ ওভারে ২৭৩/৫ (মুরস ৪৭ ইসাক ১০৪, বেনিসন ১২, রু ১৪, নেলসন ৩৫*, আলবার্ট ১৫; ফাহাদ ৮-০-৫১-১, শাহরিয়ার ৬.১-০-৪৮-১, আজিজুল ৬-০-৩৩-০, আল আমিন ৫-০-২৯-১, স্বাধীন ৬-০-৪০-০, সামিউন ১০-০-৩৫-৩, রিজান ২-০-২৮-০)
ফল: ডিএলএস পদ্ধতিতে ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচের সিরিজে প্রথম দুটির পর ১-০১ সমতা