১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভড়কে যাননি ভেটোরি, আগ্রাসনে লাগাম দেবে না হায়দরাবাদ

প্রথম ম্যাচে ২০ ওভারে ২৮৬ রান তোলা দল পরের দুই ম্যাচেই হেরে গেছে অতি আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টায়, তবু ব্যাটিংয়ের ধরন পাল্টানো হবে না বলে সাফ জানিয়ে দিলেন কোচ ড্যানিয়েল ভেটোরি।

ভড়কে যাননি ভেটোরি, আগ্রাসনে লাগাম দেবে না হায়দরাবাদ
সানরাইজার্স হায়দরাবাদের বিস্ফোরক উদ্বোধনী জুটি ট্রাভিস হেড ও আভিশেক শার্মা। ছবি: সানরাইজার্স হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2025, 05:16 PM

Updated : 26 Aug 2026, 12:23 PM

সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিংয়ের ব্র্যান্ড সবার জানা। তাদের ধরন সবার চেনা। আগ্রাসনই শেষ কথা এবং সেটি ম্যাচের প্রথম বল থেকেই। গত মৌসুমে এই ঘরানার ব্যাটিংয়ে তারা প্রায় বিপ্লব এনেছে আইপিএল ব্যাটিংয়ে। এবারের আসরের শুরুটাও করেছে সেই একই পথে ছুটে। এরপরই হোঁচট খেতে হয়েছে টানা দুই ম্যাচে। তবে তাতে পথ বদলানোর ভাবনা নেই তাদের। কোচ ড্যানিয়েল ভেটোরির সাফ কথা, ব্যাটিংয়ের বিস্ফোরণ চলবেই। 

গত আইপিএলে বিস্ফোরক ব্যাটিংয়ের টানা প্রদর্শনীতে তোলপাড় ফেলে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। ২০ ওভারে ২৮৭ রান তুলে তারা গড়েছিল আইপিএল রেকর্ড। এছাড়াও ২৭৭, ২৬৬ রানের স্কোর গড়েছিল তারা। ম্যাচ জিতেছিল ২১৫ রান তাড়া করে। এমনকি স্রেফ ৯.৪ ওভারে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে তাক লাগিয়ে দিয়েছিল তারা। সাড়া জাগানো পারফরম্যান্সে ফাইনালে উঠে শেষ পর্যন্ত রানার্স আপ হয় তারা। আভিষেক শার্মা, ট্রাভিস হেডের বিধ্বংসী উদ্বোধনী জুটি, হাইনরিখ ক্লসেন ও অন্যদের ব্যাটিং তাণ্ডবে আলাদা পরিচিত গড়ে ওঠে দলটির।

চলতি মৌসুম তারা শুরু করে ঠিক সেখান থেকেই। প্রথম ম্যাচে এবার ২০ ওভারে তারা তোলে ২৮৬ রান! আগের সেই আভিষেক, হেড, ক্লসেনরা যথারীতি ঝড় তোলেন। নতুন যোগ হওয়ান ইশান কিশান সেঞ্চুরি করেন ৪৫ বলে।

তবে দারুণ শুরুর পর টানা দুই ম্যাচে তাদের স্কোর আর তত বড় হয়নি। আগ্রাসনের চেষ্টাতেই গুরুত্বপূর্ণ সময়ে উইকেট হারিয়ে বড় হয়নি তাদের স্কোর। লাক্ষ্নৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ১৯০ রান তোলে তারা। টি-টোয়েন্টিতে এটা এমনিতে বেশ ভালো স্কোর। কিন্তু তাদের মানদণ্ড তো আরও উঁচুতে! ম্যাচটিতে শেষ পর্যন্ত হেরেও যায় তারা। 

এরপর শনিবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তারা আটকে যায় ১৬৩ রানেই। এবারও ম্যাচ হারতে হয় তাদের।

টানা দুই ম্যাচের এমন অভিজ্ঞতার পর তাদের ব্যাটিংয়ের ধরন নিয়ে কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে একটু-আধটু করে। তবে কোচ ভেটোরি ম্যাচের পর বললেন, বাইরের আলোচনার কোনো প্রভাব দলের ভেতরে নেই। 

কোচ ড্যানিয়েল ভেটোরি। ছবি: সানরাইজার্স হায়দরাবাদ

কোচ ড্যানিয়েল ভেটোরি

“এটা নিয়ে (আগ্রাসন কমানো) কোনো আলোচনা হয়নি। আমরা অবশ্যই আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেটই খেলতে চাই। আমাদের প্রথম তিন ব্যাটসম্যানের দিকে যদি তাকান, ওরা এভাবেই খেলে। এটাই ওদের সহজাত খেলা এবং আমাদের সুরটা ওরা বেঁধে দেয়।”

“আভিষেক আজকে ভাগ্যকে পাশে পায়নি। ইশান ও ট্রাভিস যে বলে আউট হয়েছে, অন্য কোনো দিনে হয়তো ছক্কা মারত। আমরা জানি, এভাবে খেলতে গেলে ব্যর্থতাও আসবে। তবে আশা করি, আমরা আবার নিজেদের মেলে ধরব এবং বেশির ভাগ সময় পারফর্ম করব।”

টানা দুই ম্যাচে পরাজয়কেও দুর্ভাবনার কারণ হিসেবে দেখতে চান না ভেটোরি। নিজেদের সামর্থ্যে আস্থা রেখেই আবার জ্বলে ওঠার আশা করছেন কোচ। 

“আইপিএলের ১৮ মৌসুমে যদি ফিরে তাকান, খুব কম দলই আছে যারা টানা দুটি ম্যাচ হারেনি। বিশেষ করে, বড় নিলামের মৌসুমে, যখন দলগুলি ভারসাম্য খুঁজে নিতে সময় নেয়। অন্য যে কোনো দলের মতো আমরা এই অবস্থানে অবশ্যই থাকতে চাই না। তবে এটাও আমরা বুঝতে পারি যে, প্রতিবারই আমরা মাঠে নামছি খুব ভালো দলের বিপক্ষে, যারা প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে দারুণ পরিকল্পনা সাজিয়ে খেলে।”

“আমাদের আবার উঠে দাঁড়ানো এবং জিততে না পারার কারণ নেই। প্রথম ম্যাচের দুর্দান্ত পারফরম্যান্সের পর আবার আমাদেরকে পারফর্ম করতে হবে এবং পছন্দের এই ঘরানায় চালিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ হলো, আমরা কীভাবে নিজেদের চ্যালেঞ্জ জানাতে পারি ধারাবাহিকভাবে এটা করতে।”

হায়দরাবাদের পরের ম্যাচ বৃহস্পতিবার ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে।