১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইপিএল অভিষেকে দারুণ ইনিংসে নায়ক কনোলি

পাঁচটি করে ছক্কা ও চারে গড়া অপরাজিত ইনিংসে পাঞ্জাব কিংসকে রোমাঞ্চকর জয় এনে দিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

আইপিএল অভিষেকে দারুণ ইনিংসে নায়ক কনোলি
গুজরাট টাইটান্সের বিপক্ষে পাঁচটি ছক্কা মারেন কুপার কনোলি। ছবি: আইপিএল ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2026, 12:40 AM

Updated : 26 Aug 2026, 03:17 PM

আইপিএলে অভিষেকের উপলক্ষ চমৎকার ব্যাটিং পারফরম্যান্সে রাঙালেন কুপার কনোলি। দারুণ ইনিংস খেলে পাঞ্জাব কিংসকে রোমাঞ্চকর জয় এনে দিলেন সম্ভাবনাময় অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

গুজরাট টাইটান্সের বিপক্ষে রান তাড়ায় পাঁচটি করে চার ও ছক্কায় ৪৪ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস খেলেন কনোলি। ৩ উইকেটের জয়ে ১৯তম আসরে যাত্রা শুরু করে পাঞ্জাব। ১৬৩ রানের লক্ষ্য পাঁচ বল হাতে রেখে পেরিয়ে যায় শ্রেয়াস আইয়ারের দল।

গত ডিসেম্বরের নিলামে ৩ কোটি রুপিতে কনোলিকে দলে নিয়েছিল পাঞ্জাব। ২২ বছর বয়সী এই ক্রিকেটারই জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

নিউ চান্ডিগাড়ে মঙ্গলবার দ্বিতীয় ওভারে প্রিয়ান্‌শ আরিয়ার বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন কনোলি। পরের ওভারে মোহাম্মদ সিরাজকে চার মেরে সপ্তম বলে প্রথম বাউন্ডারির দেখা পান তিনি।

চতুর্থ ওভারে কাগিসো রাবাদার প্রথম দুই বলে ছক্কা মারেন প্রাভসিমরান সিং, শেষ বল ছক্কায় ওড়ান কনোলি। দুজনের আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়ে যায় পাঞ্জাব।

লেগ স্পিনার রাশিদ খানকে ১০৩ মিটার বিশাল এক ছক্কা হাঁকান কনোলি। প্রাভসিমরান ফেরেন ২৪ বলে ৩৭ রান করে। দুই ছক্কায় ১১ বলে ১৮ রান করে বিদায় নেন শ্রেয়াস।

১১০ থেকে ১১৮, ৮ রানের মধ্যে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পাঞ্জাব। তবে এক প্রান্ত আগলে রেখে দলকে কাঙ্ক্ষিত ঠিকানায় নিয়ে যান কনোলি।

ফিফটি করেন তিনি ৩৪ বলে। শেষ দুই ওভারে দরকার যখন ১৬ রান, প্রাসিধ কৃষ্ণাকে ছক্কা মেরে দেন আরেক অস্ট্রেলিয়ান জেভিয়ার বার্টলেট, এক বল পর চার মারেন কনোলি। শেষ ওভারে ওয়াশিংটন সুন্দারকে চার মেরে ম্যাচের ইতি টানেন তিনিই।