পুনঃঅর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের আইএফআইসির চুক্তি
এ তহবিল থেকে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র তৈরি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ জোরদারে ঋণ দেওয়া হবে।
দেশের উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র তৈরি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ জোরদারে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে অংশ নিতে চুক্তি করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি।
সোমবার কেন্দ্রীয় ব্যাংকে চুক্তি সই হয়েছে বলে আইএফআইসি ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহাম্মদ ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খানের উপস্থিতিতে চুক্তিতে সই করেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ-২-এর পরিচালক এ কে এম সাইদুজ্জামান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই তহবিলের ১৫ শতাংশ কৃষি উৎপাদন (শস্য, মৎস্য, প্রাণিসম্পদ ও যন্ত্রপাতি), ৩৫ শতাংশ কৃষিপণ্য সংরক্ষণ, পরিবহন ও বাজারজাতকরণ এবং আরও ৩৫ শতাংশ উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ খাতে ব্যবহার করা হবে।
বাকি ১৫ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে কৃষিপণ্য রপ্তানি ও রপ্তানিমুখী কার্যক্রমে অর্থায়নের জন্য।
