পর্দা নামল প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং মেলার
“মুক্তবাজার অর্থনীতিতে টিকে থাকতে বাংলাদেশের পণ্যের প্রচার করাটা অত্যন্ত জরুরি,” বলেন মাহবুবুর রহমান।
চার দিনের আন্তর্জাতিক প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং মেলা সম্পন্ন হয়েছে।
শনিবার ঢাকার একটি কনভেনশন সেন্টারে সকাল সাড়ে ১১টায় মেলার সমাপনী অনুষ্ঠান হয়।
আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের প্লাস্টিক, প্রিন্টিং ও প্যাকেজিং শিল্পের সর্বশেষ প্রযুক্তি, উদ্ভাবন ও আন্তর্জাতিক সক্ষমতা তুলে ধরার মধ্য দিয়ে এই মেলার ‘সফল সমাপ্তি’ ঘটে।
সমাপনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিনও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিপিজিএমইএর সভাপতি শামীম আহমেদ।
সহ-আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন চ্যান চাও ইন্টারন্যাশনাল কোং লিমিটেডের ওভারসিজ ডিরেক্টর আকাই লিন।
মাহবুবুর রহমান বলেন, “আন্তর্জাতিক প্লাস্টিক ফেয়ার এখন একটি সুপরিচিত ও মর্যাদাপূর্ণ মেগা ইভেন্টে পরিণত হয়েছে। প্রতিবছর ১৮ থেকে ২০টি দেশের অংশগ্রহণে এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় প্লাস্টিক পণ্য উৎপাদক, বিপণনকারী ও রপ্তানিকারকদের উপস্থিতিতে এই মেলা হয়।”
তিনি বলেন, মুক্তবাজার অর্থনীতিতে টিকে থাকতে হলে বাংলাদেশের পণ্যের কার্যকর প্রচার অত্যন্ত জরুরি।
তিনি দ্রুত প্লাস্টিক ইন্ডাস্ট্রিয়াল সিটি বাস্তবায়ন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে বিপেটকে আরো শক্তিশালী করা এবং সম্ভাবনাময় প্লাস্টিক ‘সাব-সেক্টর’ উন্নয়নে গুরুত্বারোপ করেন।
