সিআইইউ ও ফ্রান্সের রেনেস স্কুল অব বিজনেসের চুক্তি
এই নতুন সহযোগিতা উভয় প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত করবে, বলছে সিআইইউ।
চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ও ফ্রান্সের রেনেস স্কুল অব বিজনেসের (আরএসবি) মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) হয়েছে।
বুধবার সিআইইউ সম্মেলনকক্ষে ভার্চুয়াল প্লাটফর্মে এক অনুষ্ঠানে চুক্তি সই হয় বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নতুন সহযোগিতা উভয় প্রতিষ্ঠানের শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় নতুন মাত্রা যুক্ত করবে। এর ফলে সিআইইউর এমবিএ শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাবে, যা তাদের ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চুক্তি অনুযায়ী, সিআইইউর শিক্ষার্থীরা প্রথম বছর সিআইইউতে এবং পরের বছর ফ্রান্সের আরএসবিতে শিক্ষা গ্রহণ করে ডুয়েল ডিগ্রি অর্জন করতে পারবে।
সিআইইউ বলছে, বিশ্বের ১৪৫টি ‘ট্রিপল-ক্রাউন অ্যাক্রেডিটেড বিজনেস স্কুলের’ একটি হওয়ায় আরএসবিতে পড়াশোনা শিক্ষার্থীদের আন্তর্জাতিক স্বীকৃতি, গ্লোবাল নেটওয়ার্ক এবং আধুনিক ব্যবসায়িক শিক্ষার বাস্তব অভিজ্ঞতা লাভের সুযোগ দেবে। পাশাপাশি, যৌথ গবেষণা, ফ্যাকাল্টি এক্সচেঞ্জ এবং গবেষণা কেন্দ্রসমূহের সহযোগিতা সিআইইউ এর গবেষণা সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করবে।
চুক্তি সই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইইউর উপাচার্য অধ্যাপক এম এম নুরুল আবসার। এসময় আলিয়াঁস ফ্রঁসেজ দে চিটাগংয়ের ডিরেক্টর এম ব্রুনো লাক্রাম্পে, ক্যাম্পাস ফ্রান্স-বাংলাদেশের ম্যানেজার সায়েদা নাসিবা হোসেন, মো. সারোয়ার জিনান ও সিআইইউর বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, রেজিস্ট্রার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিআইইউর পক্ষে উপাচার্য এম এম নুরুল আবসার এবং রেনেস স্কুল অব বিজনেসের পক্ষে ডিন ও এক্সিকিউটিভ ডিরেক্টর এডিলসন বর্গেস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
