Published : 30 Apr 2026, 04:58 PM
চীনে চিকিৎসার ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ ছাড়ের ব্যবস্থা করিয়ে দিতে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে যমুনা ব্যাংক।
বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার (বিআরএইচসি) এবং শেনজেন হেংশেং হাসপাতাল ও গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতালসহ চীনের শীর্ষস্থানীয় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এ সমঝোতা হয়েছে।
গত ২২ এপ্রিল ঢাকায় যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সমঝোতা সই হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এই সমঝোতার আওতায় চীনা ১২টি হাসপাতাল রয়েছে, যেগুলো অনকোলজি, চোখ, অস্থি, শিশুরোগ, ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা এবং অন্যান্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। সমঝোতা অনুযায়ী বিআরএইচসি প্রধান মেডিকেল ফ্যাসিলিটেটর হিসেবে রোগীর সমন্বয়, হাসপাতালের সঙ্গে যোগাযোগ এবং সামগ্রিক সেবা ব্যবস্থাপনা নিশ্চিত করবে। আর যমুনা ব্যাংকের সব কার্ডধারী বিশেষ ছাড়ের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চীনে চিকিৎসার মোট ব্যয় ২০ হাজার আরএমবি অতিক্রম করলে নির্ধারিত শর্তসাপেক্ষে গ্রাহকরা মোট চিকিৎসা খরচের ওপর সর্বোচ্চ ৮ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
অনুষ্ঠানে চুক্তি সই করেন যমুনা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জাহাঙ্গীর আলম, বিআরএইচসির উপ-ব্যবস্থাপক আবিদুর রহমান, গুয়াংজু ফোসান চ্যানচেং হাসপাতালের আন্তর্জাতিক ব্যবসা বিভাগের ব্যবস্থাপক লিউ ওয়েনজুয়ান এবং শেনজেন হেংশেং হাসপাতালের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ঝাং ফান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেনজেন হেংশেং হাসপাতালের মার্কেটিং ম্যানেজার গুও চেং ঝুও এবং ইন্টারন্যাশনাল মেডিকেল সেন্টারের পরিচালক উ পেং; বিআরএইচসির প্রকৌশলী মোজাম্মেল হক।