১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে ফ্রেশ অনন্যা ও পিএজিএসবির প্যানেল আলোচনা

"মাসিক জীবনের একটি স্বাভাবিক অংশ এবং এটি কখনই লজ্জার কারণ হওয়া উচিত নয়।“

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 04:06 PM

Updated : 10 Sep 2026, 12:43 PM

নারীদের ঋতুস্রাব বা মাসিক চলাকালে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে ফ্রেশ অনন্যা এবং পিএজিএসবির প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। 

রাজধানীর শেরাটন হোটেলে শনিবার এই প্যানেল আলোচনাটি দৈনিক আমাদের সময় আয়োজন করে বলে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মাসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি উদ্দেশ্যে নিয়ে ‘টুগেদার ফর এ মেনস্ট্রুয়েশন-ফ্রেন্ডলি ওয়ার্ল্ড’ শীর্ষক এই সেমিনারটির আয়োজন করা হয়।

সেমিনারটির পৃষ্ঠপোষকতা করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)-এর ব্র্যান্ড ‘ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন’ এবং পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট গাইনিকোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএজিএসবি)।

পিএজিএসবির সভাপতি অধ্যাপক কোহিনূর বেগম অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, "দেশের নারীদের একটি বিরাট অংশের এখনো মাসিক সম্পর্কে সচেতনতার অভাব রয়েছে, যা  লজ্জার বিষয়।

"মাসিক জীবনের একটি স্বাভাবিক অংশ এবং এটি কখনই লজ্জার কারণ হওয়া উচিত নয়। আজকের আয়োজনের মাধ্যমে আমরা একসঙ্গে চেষ্টা করব এই সামাজিক ট্যাবুগুলো ভাঙতে, যেগুলো বহুদিন ধরে নারীদের স্বাস্থ্যগত নিরাপত্তার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে।"

বিশেষ অতিথির বক্তব্যে এমজিআই পরিচালক ব্যারিস্টার তাসনিম মোস্তফা বলেন, "যে সমাজে পুরুষ ও নারী জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গেই যুক্ত, সেখানে লজ্জা এখনো মাসিক সম্পর্কে আলোচনাকে ম্লান করে রাখবে, এটা কল্পনাতীত। এই নীরবতা ভাঙা, খোলামেলা মনোভাব পোষণ করা এবং নারীর স্বাস্থ্যের এই স্বাভাবিক দিকটি সকলের বোঝা এবং সম্মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

সেমিনারে মাসিক বিষয়ক একটি প্রেজেন্টেশন তুলে ধরেন পিএজিএসবির মহাসচিব অধ্যাপক গুলশান আরা। 

তিনি বলেন, "মাসিক হল একটি স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া যা বোঝাপড়া এবং যত্ন সহকারে মোকাবিলা করা উচিত। এ ক্ষেত্রে সঠিক স্বাস্থ্যবিধি অনুশীলন এবং সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে আমরা সংক্রমণের ঝুঁকি কমাতে এবং স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি।"

চিকিৎসক তানিয়া রহমান মিতুলের সঞ্চালনায় প্যানেল আলোচনায় প্রায় ৫০ জন চিকিৎসক অংশ নেন। 

এ সময় বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- এমজিআই সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের কিশোর ও স্কুল স্বাস্থ্য প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার চিকিৎসক মো. শামসুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কিশোর ও প্রজনন স্বাস্থ্যের প্রোগ্রাম ম্যানেজার চিকিৎসক মো. মঞ্জুর হোসেন, মনোবিজ্ঞানী আফসানা রহমান লিওনি, দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক মাঈনুল আলম, হেড অব অনলাইন মঈন বকুল ও হেড অব ডিজিটাল মার্কেটিং সরোয়ার কবির শাকিল।