Published : 07 Aug 2025, 08:21 PM
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কর্পোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের (সিসিআইবি) ক্লায়েন্ট কাভারেজ প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারিয়া কবির।
সেই সঙ্গে তিনি ব্যাংকের কান্ট্রি ম্যানেজমেন্ট টিমের (সিএমটি) সদস্য হিসেবেও যুক্ত থাকবেন বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ বলছে, ফারিয়া কবিরকে এ দায়িত্বে আনার মধ্য দিয়ে ব্যাংকটির শীর্ষ পর্যায়ে নারী কর্মকর্তাদের অংশগ্রহণ ৩০ শতাংশ ছাড়িয়েছে।
কর্পোরেট ব্যাংকিংয়ে ২৬ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে ফারিয়া কবিরের। তিনি আমেরিকান এক্সপ্রেস বাংলাদেশ ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে ক্যারিয়ার শুরু করেন এবং পরে ক্লায়েন্ট কাভারেজ, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, অরিজিনেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ২০০৫ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগ দেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগের বাইরেও ব্যাংকের কর্মী বিষয়ক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ফারিয়া কবির। বর্তমানে তিনি বাংলাদেশে ব্যাংকের অভিযোগ কমিটির চেয়ারপারসন এবং কর্মস্থলে হয়রানি রোধে ব্যাংকের বিভিন্ন উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন। ব্যাংকের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে তহবিল পরিচালনার দায়িত্বেও রয়েছেন ফারিয়া কবির।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, “ফারিয়ার নিয়োগ আমাদের অভ্যন্তরীণ নেতৃত্বের দক্ষতারই প্রতিফলন। দীর্ঘমেয়াদি ক্লায়েন্ট সম্পর্ক গড়ে তোলা এবং দলের সঙ্গে মিলেমিশে কাজ করার তার দক্ষতা, আমাদের ভবিষ্যত লক্ষ্য অর্জনে সাহায্য করবে।
“স্ট্যান্ডার্ড চার্টার্ডে আমরা বিশ্বাস করি যে, আমাদের বৈচিত্র্য আমাদেরকে শক্তিশালী করে, এবং আমি নিশ্চিত এবং একই সঙ্গে আনন্দিত যে, তার নেতৃত্বে আমাদের কর্পোরেট কভারেজ টিম, ভবিষ্যতে আরো নতুন উচ্চতায় পৌঁছবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে স্নাতক ও স্নাতকোত্তর করা ফারিয়া মনাশ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছেন।