Published : 18 Jan 2026, 05:57 PM
ভাষা ও সাহিত্যে ‘অবদান রাখায়’ আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড পেয়েছেন সাহিত্যিক মো. আশানুর রহমান।
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টারের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে আশানুর রহমানের সাহিত্যকর্ম ‘মানস গঠনে ও জীবনপ্রেরণায় ভাষা ও সাহিত্যের প্রভাব’ শীর্ষক অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সালে প্রকাশিত আশানুর রহমানের প্রথম উপন্যাস ‘লেনিন’ এই স্বীকৃতি পেয়েছে।
ছয় বছরের ‘নিবিড় গবেষণা ও সৃজনশীল সাধনার ফসল’ এই উপন্যাসটি ভ্লাদিমির ইলিচ লেনিনের জীবন ও চিন্তাকে নতুন সাহিত্যিক ভাষ্যে উপস্থাপন করেছে।
বাংলাদেশ ছাড়াও ভারত ও উত্তর আমেরিকার বাংলা পাঠকমহলে ‘লেনিন’ আলোচিত ও সমাদৃত হয়েছে বলে জানানো হয়েছে।
পেশাগত জীবনে ব্যাংকার আশানুর রহমান দুই দশকের বেশি সময় ধরে ব্যাংকিং খাতে কাজ করছেন। বর্তমানে তিনি সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, চিফ ইকোনমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।
গ্রন্থ রচনার পাশাপাশি তিনি অর্ধবার্ষিক সাহিত্যপত্রিকা ‘মননরেখা’ এবং শিল্প-সাহিত্য-সংস্কৃতিভিত্তিক ওয়েবজিন ‘লেখালেখির উঠানের’ সহ-সম্পাদক।