এক দিনে ১৫১টি সোনালীকা ট্রাক্টর পেলেন গ্রাহকরা
এসিআই মটরস বলছে, এক দিনে ১৫১টি সোনালীকা ট্রাক্টর ডেলিভারির মধ্য দিয়ে দেশে ট্রাক্টর ডেলিভারির ইতিহাসে ‘স্মরণীয় এক মুহূর্ত’ তৈরি করল তারা।
একসঙ্গে ১৫১টি সোনালীকা ট্রাক্টর গ্রাহকদের হাতে তুলে দিয়েছে এসিআই মটরস।
শনিবার যশোরের শার্শা মিনি স্টেডিয়ামে এক অনুষ্ঠানে এসব ট্রাক্টর হস্তান্তর করা হয় বলে এসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সেখানে বলা হয়, এক দিনে ১৫১টি সোনালীকা ট্রাক্টর ডেলিভারির মধ্য দিয়ে দেশে ট্রাক্টর ডেলিভারির ইতিহাসে ‘স্মরণীয় এক মুহূর্ত’ তৈরি করল এসিআই মটরস।
এ অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ট্রাক্টর দিয়ে নির্মিত বিশাল ‘সোনালীকা’ লোগো, যা সবাইকে মুগ্ধ করে। এছাড়া সাংস্কৃতিক পরিবেশনা, ৩৬০ ডিগ্রি ফটোবুথ এবং গ্রাহকদের জন্য বিশেষ আপ্যায়নের ব্যবস্থা ছিল।
এসিআই মটরস এর গ্রাহক, কৃষক, ডিলার ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। প্রধান অতিথি ছিলেন এসিআই মটরস এর উপ-ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। এসিআই এর প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও ছিলেন।
অনুষ্ঠানে শুধু ট্রাক্টর নয়, আধুনিক কৃষিযন্ত্র যেমন হারভেস্টার, ট্রান্সপ্লান্টার, পাওয়ার টিলার, ডিজেল ইঞ্জিন, পানি সেচ পাম্প, ফোটন কমার্শিয়াল ভেহিকেল, টায়ার ও ইয়ামাহা মোটরসাইকেলও প্রদর্শন করা হয়।
