সোশ্যাল ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা
ব্যাংকটির সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের নিয়ে সভা হয়েছে।
‘নিরবিচ্ছিন্ন ব্যাংকিং’ সেবা দিতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক দল।
সোমবার ব্যাংকটির সকল শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের নিয়ে সভা হয় বলে ব্যাংক কর্তৃপক্ষ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জুম প্ল্যাটফর্মে শাখা ব্যবস্থাপক ও উপশাখা ইনচার্জদের সঙ্গে ব্যাংকের অপারেশনাল কার্যক্রম নির্বিঘ্নে ও গতিশীল করতে করণীয় নিয়ে দিক নির্দেশনা দেন প্রশাসক দল।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রশাসক মো. সালাহ উদ্দীন। সোশ্যাল ইসলামী ব্যাংকের সহযোগী প্রশাসক বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. রাশেদুল ইসলাম এবং মোহাম্মদ বজলুল করীমও উপস্থিত ছিলেন।
প্রশাসক দল শাখাসমূহের চলমান কার্যক্রম পর্যালোচনা করেন এবং গ্রাহকসেবা উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ, রিকভারি ত্বরান্বিত করা এবং সেবা প্রদানে পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন।
সালাহ উদ্দীন গ্রাহকদের সব স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করতে অধিক সচেষ্ট থাকার জন্য নির্দেশনা দেন।
