Published : 09 Sep 2026, 06:17 PM
সিএমএসএমই খাতে চলতি মূলধন জোগানের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে যুক্ত হয়েছে আইএফআইসি ব্যাংক।
আইএফআইসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম এবং আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের আওতায় সিএমএসএমই খাতের জন্য ৫ হাজার কোটি টাকার এই পুনঃঅর্থায়ন তহবিল করা হয়েছে।
চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় পরিচালিত হতে না পারা সিএমএসএমই প্রতিষ্ঠানগুলো এ তহবিলের আওতায় ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা পাবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান।
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং আইএফআইসি ব্যাংকের চিফ অব ব্রাঞ্চ বিজনেস হেলাল আহমেদ ও হেড অব এসএমই ফারিয়া হায়দার এ সময় উপস্থিত ছিলেন।