১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিকাশের ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ হামজা চৌধুরী

গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি, বলছে বিকাশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 12:21 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘বিকাশ’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশের ফুটবলার হামজা চৌধুরী।

ঢাকার একটি হোটেলে সম্প্রতি হামজা চৌধুরীর সঙ্গে বিকাশের এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

শনিবার বিকাশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রাহকদের ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে বিকাশের বিভিন্ন ধরনের প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করবেন তিনি। ডিজিটাল লেনদেনে অভ্যস্ততা বাড়ানোর পাশাপাশি সেবার ইকোসিস্টেম শক্তিশালী করতেও কাজ করবেন।

বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, চিফ লিগ্যাল অফিসার মাজেদুল ইসলাম এবং চিফ এক্সটার্নাল অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স অফিসার শেখ মো. মনিরুল ইসলাম, হেড অব ব্র্যান্ড আশরাফ-উল-বারীসহ অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিকাশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সাধারণ মানুষের কাছে বিকাশের সেবাগুলো সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং প্রতিষ্ঠানটির মূল্যবোধের প্রসারে নানা ধরনের প্রচারণামূলক কার্যক্রমে অংশ নেবেন হামজা।”

বিজ্ঞপ্তিতে হামজা চৌধুরীর বক্তব্যে বলা হয়, “বিকাশের মত কোটি মানুষের ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হওয়া এক ধরনের সুযোগ। বিকাশের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের। দেশসেরা এই ব্র্যান্ডটির প্রসারে একসঙ্গে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”