১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রপ্তানিমুখী সবজি খাতের প্রকল্পে যুক্ত হলো আইএফআইসি ব্যাংক

প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলের এক হাজার ক্ষুদ্র কৃষককে নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2026, 11:42 PM

Updated : 26 Aug 2026, 02:54 PM

দেশের রপ্তানিমুখী সবজি খাতের ‘আন্তর্জাতিক মান উন্নয়ন এবং নিরাপদ খাদ্য রপ্তানি সক্ষমতা জোরদারে’ সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান সুইসকন্টাক্টের একটি প্রকল্পে অংশীদার হিসেবে যুক্ত হয়েছে আইএফআইসি ব্যাংক।

ঢাকায় আইএফআইসি টাওয়ারে গত ২২ জানুয়ারি দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এতে আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং সুইসকন্টাক্টের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হেলাল হুসাইন সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘লিড ফাইন্যান্সিয়াল পার্টনার’ হিসেবে আইএফআইসি ব্যাংক এই প্রকল্পের মাধ্যমে কৃষি ও এসএমই খাতে ‘টেকসই অর্থায়ন সম্প্রসারণ, রপ্তানিমুখী উদ্যোক্তা তৈরি এবং ঝুঁকি-হ্রাসকৃত ঋণ পোর্টফোলিও গঠনের’ সুযোগ পাবে।

পাশাপাশি ব্যাংকটির কৃষি, এসএমই ও গ্রিন ফাইন্যান্স পণ্যের বাস্তবভিত্তিক পরীক্ষণ এবং নতুন পণ্য উদ্ভাবনের ক্ষেত্রেও এই উদ্যোগ ‘গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ২০২৮ সালের মার্চ পর্যন্ত মোট ২৭ মাসের এই প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে এক হাজার ক্ষুদ্র কৃষককে গুড অ্যাগ্রিকালচারাল প্র্যাকটিসেস, জলবায়ু-সহনশীল কৃষি, নিরাপদ কীটনাশক ব্যবহার, অবশিষ্টাংশ নিয়ন্ত্রণ এবং উন্নত পোস্ট-হারভেস্ট ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

একই সঙ্গে ‘ট্রেসেবিলিটি’ নিশ্চিত করতে ক্লাস্টারভিত্তিক উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা হবে, যেখানে কমপক্ষে ৩০ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিত করা হবে বলেও জানানো হয়েছে।