Published : 07 Jun 2026, 08:30 PM
গ্রাহকদের যে কোনো স্থান থেকে এবং যে কোনো সময় বাণিজ্যিক লেনদেনের সুবিধা দিতে ‘এমটিবি ট্রেড এক্স’ নামে একটি ডিজিটাল ওয়েব পোর্টাল চালু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।
রোববার এমটিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্রেড লেনদেনের অনুরোধ জমা দেওয়া ও এর স্বীকৃতি প্রক্রিয়াকে সুগম করতে নিজস্ব ব্যবস্থাপনায় ‘এমটিবি ট্রেড এক্স’ তৈরি করা হয়েছে।
“এই উদ্যোগের মাধ্যমে এমটিবি প্রচলিত কাগজভিত্তিক ম্যানুয়াল প্রক্রিয়া থেকে একটি সম্পূর্ণ ডিজিটাল ইকোসিস্টেমে পদার্পণ করল।”
নতুন এই পোর্টালের মাধ্যমে এমটিবির ট্রেড গ্রাহকরা এখন ব্যাংকের শাখায় না গিয়ে এবং কাগুজে নথিপত্রের ঝামেলা ছাড়াই রিয়েল-টাইমে তাদের ট্রেড লেনদেন শুরু করতে পারবেন।
একইসঙ্গে লেনদেনের সর্বশেষ অবস্থাও ট্র্যাক করার সুযোগ থাকছে প্ল্যাটফর্মটিতে। এমটিবির ডিজিটাল ব্যাংকিং বিভাগ এবং বিজনেস ও ট্রেড অপারেশনস টিমের যৌথ উদ্যোগে সম্পূর্ণ নিজস্ব এই উদ্ভাবনটির নকশা ও পরিকল্পনা করা হয়েছে।
সম্প্রতি পোর্টালটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান বলেন, “এই ডিজিটাল সমাধানটি গ্রাহকদের উন্নত সেবা, দ্রুততর প্রক্রিয়াকরণ এবং নির্বিঘ্ন ট্র্যাকিং সুবিধা নিশ্চিত করবে।
“বাংলাদেশে এখনও ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডস (ইটিআর) সংক্রান্ত বিধিমালা পুরোপুরি গ্রহণ করা না হলেও, এমটিবি ট্রেড এক্সেসের মাধ্যমে আমাদের ব্যাংক কাস্টমস ক্লিয়ারেন্সসহ বাণিজ্য শুরুর পর থেকে চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত একটি সম্পূর্ণ ডিজিটাল পরিবেশের জন্য ‘প্লাগ-এন্ড-প্লে’ হিসেবে প্রস্তুত থাকল।”
অন্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ট্রেজারি প্রধান শামসুল ইসলাম এবং ডিজিটাল ব্যাংকিং ও ট্রেড অপারেশনস বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।