এনএসইউ স্টার্ট-আপ নেক্সট-এর তৃতীয় কোহর্টের উদ্বোধন
‘এনএসইউ স্টার্ট-আপ নেক্সট’দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি ও ইনোভেশনকে এগিয়ে নিতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) তে ‘এনএসইউ স্টার্ট-আপ নেক্সট’ -এর তৃতীয় কোহর্ট উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্যাচের সম্ভাবনাময় স্টার্টআপগুলোকে ইনকিউবেশন প্রোগ্রামে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নর্থ সাউথ ইউনিভার্সিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আইসিটি বিভাগের যুগ্ম সচিব ও প্রজেক্ট ডিরেক্টর মুর্তুজা জুলকার নাইন নোমান, বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির প্রজেক্ট ডিরেক্টর মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, আইসিটি বিভাগের হেড অব অপারেশনস সিদ্ধার্থ গোস্বামী, এনএসইউ ভিসি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, এনএসইউর ভারপ্রাপ্ত ট্রেজারার ও প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক আব্দুর রব খান, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য এম এ কাশেম, বোর্ড অব ট্রাস্টিজ সদস্য বেনজীর আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনএসইউ স্টার্ট-আপ নেক্সট’দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি ও ইনোভেশনকে এগিয়ে নিতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
প্রোগ্রামটি নতুন উদ্যোক্তাদের জন্য মেন্টরশিপ, ব্যবসায়িক পরিকল্পনা উন্নয়ন, বাজার সংযোগ এবং বিনিয়োগে সহায়তা দেয়।
প্রথম দুই কোহর্টে ২৫টির বেশি স্টার্টআপের সক্রিয় উন্নয়নে এ প্ল্যাটফর্ম কাজ করে। তৃতীয় কোহর্টে অংশগ্রহণকারী স্টার্টআপগুলো স্বাস্থ্য প্রযুক্তি, শিক্ষা প্রযুক্তি, লজিস্টিক্স, আর্থিক প্রযুক্তি ও সামাজিক উদ্যোগ- এসব খাতকে প্রতিনিধিত্ব করছে।
অনুষ্ঠানে ২০২৫ সালের রোডম্যাপ ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। সেখানে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় আন্তর্জাতিক স্টার্টআপ রিসোর্সে প্রবেশাধিকার এবং নীতি, পুঁজি ও কর্পোরেট সংযোগের সমন্বয় ঘটানোর ওপর।
নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “প্রতিষ্ঠান হিসেবে আমরা উদ্যোক্তা উন্নয়নকে অগ্রাধিকার দিই। ‘এনএসইউ স্টার্ট-আপ’ -এর মত উদ্যোগের মাধ্যমে আমরা একটি কাঠামোবদ্ধ পরিবেশ তৈরি করছি যেখানে উদ্ভাবন বিকশিত হয় এবং শিক্ষার্থীরা চাকরিপ্রার্থী না হয়ে চাকরি সৃষ্টিকারী হিসেবে এগিয়ে আসতে পারে।”
