১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পরিবেশ সাংবাদিকতায় ইউনিলিভারের কর্মশালায় অংশ নিলেন চট্টগ্রামের তরুণরা

বিভিন্ন ধাপের লিখিত পরীক্ষা ও চূড়ান্ত বাছাই শেষে ২০ জন নির্বাচিত শিক্ষার্থী তিন দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ লাভ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2025, 05:30 PM

Updated : 26 Aug 2026, 12:48 PM

ইউনিলিভার বাংলাদেশ সম্প্রতি পরিবেশ সাংবাদিকতার ওপর তিন দিনব্যাপী এক কর্মশালায় অংশ নিলেন চট্টগ্রামের তরুণরা। 

‘ইয়ুথ জার্নালিজম অন এনভায়রনমেন্ট: আ ফোকাস অন প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট' শীর্ষক কর্মশালার লক্ষ্য ছিল তরুণদের পরিবেশ বিষয়ক সাংবাদিকতায় উৎসাহিত করা এবং প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা ও জ্ঞানের প্রসার ঘটানো, যাতে তারা জলবায়ু পরিবর্তন ও টেকসই নগরায়ণের মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে তথ্যভিত্তিক ও কার্যকর বার্তা সমাজে পৌঁছে দিতে পারেন। 

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) এবং ইয়ং পাওয়ার ইন সোস্যাল অ্যাকশান (ইপসা)-এর সঙ্গে অংশীদারত্বে পরিচালিত ইউনিলিভার বাংলাদেশের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই কর্মশালার আয়োজন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

গত বছর শুরু হওয়া এই কর্মশালার ধারাবাহিকতায় চলতি বছর প্রাথমিক পর্যায়ে ১৬৭ জন তরুণ শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পান। তাদের মধ্য থেকে মূল্যায়নের ভিত্তিতে ৪০ জনকে বাছাই করা হয়। 

পরবর্তীতে বিভিন্ন ধাপের লিখিত পরীক্ষা ও চূড়ান্ত বাছাই শেষে ২০ জন নির্বাচিত শিক্ষার্থী তিন দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণের সুযোগ লাভ করেন। 

কর্মশালার প্রথম দিনেই দেশের খ্যাতিমান সাংবাদিকদের তত্ত্বাবধানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শনে অংশ নেন; যা তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হয়। 

পরবর্তী দুই দিনে শিক্ষার্থীরা ‘ফান্ডামেন্টাল অব জার্নালিজম’, ‘মাল্টিমিডিয়া জার্নালিজম’, ‘ইনভেস্টিগেটিভ জার্নালিজম’ এবং ‘ডিজিটাল জার্নালিজম’ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন। 

তিন দিনের এই কর্মশালা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত তরুণদের সনদপত্র দেওয়া হয়। 

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইপসার প্রধান নির্বাহী মো. আরিফুর রহমান, ইউনিলিভার বাংলাদেশের ফ্যাক্টরি হেড এস এম তারিক সাইফুল্লাহ।