১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বিকাশের কনটেন্ট প্রতিযোগিতায় পুরস্কার জিতলেন ১০০ ডিস্ট্রিবিউশন কর্মী

ক্যাম্পেইনের আওতায় মাঠপর্যায়ের কর্মীরা ৭ হাজারের বেশি কন্টেন্ট তৈরি করে ইউটিউব ও টিকটকে প্রকাশ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2026, 07:55 PM

Updated : 11 Sep 2026, 03:33 PM

ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত বিকাশের বিশেষ কনটেন্ট জেনারেশন ক্যাম্পেইনে অংশ নিয়ে পুরস্কার জিতেছেন কোম্পানির ডিস্ট্রিবিউশন হাউজের অধীনে কাজ করা ১০০ কর্মী।

মোবাইলে আর্থিক সেবার এ কোম্পানি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ঈদের চাঁদ আকাশে, সেলামি দিন বিকাশ-এ’ শীর্ষক এ প্রতিযোগিতায় সারাদেশের মাঠপর্যায়ের ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মীরা অংশ নেন। তারা ইউটিউব ও টিকটকে ডিজিটাল সেলামি নিয়ে ‘সৃজনশীল কন্টেন্ট’ তৈরি করে বিজয়ী হয়েছেন।

এ ক্যাম্পেইনের আওতায় মাঠপর্যায়ের কর্মীরা ৭ হাজারের বেশি কন্টেন্ট তৈরি করে ইউটিউব ও টিকটকে প্রকাশ করেন। সেসব কন্টেন্টের সৃজনশীলতা, দর্শক সম্পৃক্ততা এবং উপস্থাপনের দক্ষতা বিবেচনা করে সেরা কন্টেন্ট ও নির্মাতাদের নির্বাচন করা হয়।

সম্প্রতি রাজধানীর একটি কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে জেলাভিত্তিক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শী। 

অন্যদের মধ্যে বিকাশের হেড অব ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিটেইল বিজনেস মোহাম্মদ ইরফানুল হক এবং হেড অব ডিজিটাল অ্যাসেটস অ্যান্ড কমিউনিকেশনস ইশতিয়াক শাহরিয়ারসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার প্রদান শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।